শিক্ষা খাতে বিপুল বাজেট বরাদ্দ থাকলেও কওমি ও হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নে সরকারের কার্যকর ও দৃশ্যমান উদ্যোগের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরায় ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬’ উপলক্ষে কওমি ও আলিয়া মাদ্রাসার শিক্ষক, আলেম-ওলামা ও প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।সেলিম উদ্দিন বলেন, দেশের শিক্ষাব্যবস্থায় এখনো বৈষম্য বিদ্যমান। কওমি ও হাফেজিয়া মাদ্রাসাগুলোতে বিপুলসংখ্যক এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থী অধ্যয়ন করলেও তাদের জন্য পর্যাপ্ত রাষ্ট্রীয় সহায়তা, বাজেট বরাদ্দ ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা নেই।তিনি বলেন, তরুণ প্রজন্মের মধ্যে কোরআনের শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও মানবিক চেতনা বিকাশের লক্ষ্যেই ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬’-এর আয়োজন করা হয়েছে। ঢাকাকে মসজিদের নগরী উল্লেখ করে তিনি বলেন, নগর উন্নয়ন ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আলেম-ওলামা এবং হাফেজদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।আলেম সমাজের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ইসলামী শিক্ষা ও নৈতিকতা বিস্তারে তাদের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে তারা এখনও কাঙ্ক্ষিত মর্যাদা ও স্বীকৃতি পাচ্ছেন না। হাফেজদের জন্য যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করার দাবি জানান তিনি।সভায় তিনি সীমান্তে চলমান ‘পুশইন’ ইস্যুতে সরকারের ভূমিকার সমালোচনা করেন এবং জাতীয় সংসদে হিজাব নিয়ে কটাক্ষের ঘটনার নিন্দা জানান।সেলিম উদ্দিন বলেন, জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশে সুবিচার প্রতিষ্ঠা ও জুলাই সনদের বাস্তবায়ন জরুরি। পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় সরকারকে আরও দক্ষতা ও সক্ষমতার পরিচয় দিতে হবে।তিনি জানান, ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬’-এ ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার প্রায় এক লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় ওমরাহ হজসহ মোট ৪৫ লাখ টাকার পুরস্কার রাখা হয়েছে, যা শিক্ষার্থীদের কোরআন শিক্ষায় আরও উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের শীর্ষ কর্মকর্তা শায়খ হাফেজ আব্দুল হক্বসহ বিভিন্ন স্তরের আলেম-ওলামা ও মাদ্রাসা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।