ছিনতাইকারী ধরতে গিয়ে রক্তাক্ত দুই পুলিশ, ছুরিকাঘাতের পরও গ্রেপ্তার ২
মো. জাকির হোসাইন, স্টাফ রিপোর্টার||
প্রকাশিত: ১২ জুন ২০২৬, সকাল ৯:১৯ সময়
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের দুই সদস্য। তবে গুরুতর আহত অবস্থাতেও সাহসিকতার পরিচয় দিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হন তারা।বৃহস্পতিবার গভীর রাতে জুলাই স্মৃতি জাদুঘর (সাবেক গণভবন) সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) সামছুজ্জোহা সরকার (৩৪) এবং কনস্টেবল হৃদয় বড়ুয়া (২২)।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে জাদুঘরের সামনের সড়কে কয়েকজন ছিনতাইকারী একটি ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় অটোরিকশাচালকের চিৎকার শুনে মোটরসাইকেলে টহলরত এসআই সামছুজ্জোহা ও কনস্টেবল হৃদয় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারীদের ধাওয়া করেন।একপর্যায়ে পুলিশ সদস্যরা ছিনতাইকারীদের আটক করতে গেলে তারা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় দুই পুলিশ সদস্য ছুরিকাঘাতে রক্তাক্ত হন। তবে আহত হওয়ার পরও তারা পিছু না হটে দুই ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যান।পরে আহত দুই পুলিশ সদস্যকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার এসআই ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ছিনতাইকারীদের হামলায় আমাদের দুই সহকর্মী আহত হয়েছেন। তারা বর্তমানে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।”পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দুই ছিনতাইকারীর বিরুদ্ধে ছিনতাই এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।