দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির তীব্র সমালোচনা করে জাগপা (জাতীয় গণতান্ত্রিক পার্টি)-এর সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাবদিহিতা দাবি করেছেন। তিনি বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে ব্যাখ্যা দেওয়ার পরিবর্তে দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের জবাব দেওয়া উচিত।বৃহস্পতিবার রাজধানীর পল্টনে শফিউল আলম প্রধান মিলনায়তনে সদ্য কারামুক্ত যুব জাগপার কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক জনি নন্দীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে রাশেদ প্রধান বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।তিনি দাবি করেন, গত ১৭ এপ্রিল তার একটি বক্তব্যকে কেন্দ্র করে সরকারপন্থী ও বিএনপি-সমর্থিত একটি গোষ্ঠী তার বাসভবনের সামনে অবস্থান নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। ওই সময় বাসভবনে হামলার চেষ্টা হলে জনি নন্দী তা প্রতিহত করার উদ্যোগ নেন। পরে পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে জনি নন্দীকেই গ্রেপ্তার করে বলে অভিযোগ করেন তিনি।রাশেদ প্রধান বলেন, জনি নন্দীর কারাবন্দী জীবন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাওয়ার শিক্ষা দিয়েছে। রাজনৈতিক কর্মীদের সাহস ও আদর্শিক দৃঢ়তা গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করবে বলেও মন্তব্য করেন তিনি।সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা জনি নন্দীর রাজনৈতিক নিষ্ঠা, সাহসিকতা ও সাংগঠনিক ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, দলের আদর্শ রক্ষায় তার অবদান তরুণ কর্মীদের অনুপ্রাণিত করবে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, যুব জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু নাসের এবং জাগপা ছাত্রকাফেলা ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মো. ইমরান হাসান রাহুল।অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় জনি নন্দীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। :::