মিরপুরে অবিশ্বাস্য শুরু, অস্ট্রেলিয়াকে বিরল এক ইতিহাস উপহার বাংলাদেশের
প্রথম দর্পণ, স্পোর্টস ডেক্স||
প্রকাশিত: ১১ জুন ২০২৬, সকাল ৯:৪৬ সময়
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডের শুরুতেই বিরল এক কীর্তি গড়েছে বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটের অন্যতম সফল দল অস্ট্রেলিয়াকে কোনো রান তুলতে না দিয়েই প্রথম তিন উইকেট হারানোর রেকর্ডে নাম লিখিয়েছে টাইগাররা।বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিস। তবে শুরু থেকেই বাংলাদেশের পেস আক্রমণের সামনে চাপে পড়ে সফরকারীরা।ইনিংসের প্রথম ওভারে আঘাত হানেন তাসকিন আহমেদ। ওভারের চতুর্থ বলে ভেতরে ঢোকা ডেলিভারিতে বোল্ড হয়ে শূন্য রানে ফেরেন ওপেনার ম্যাথু শর্ট। প্রথম ধাক্কা সামলানোর আগেই দ্বিতীয় ওভারে আরও বিপদে পড়ে অস্ট্রেলিয়া।নিজের প্রথম ওভারের প্রথম বলেই সাফল্য পান মোস্তাফিজুর রহমান। কুপার কনোলি উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দিয়ে শূন্য রানে বিদায় নেন। তখনও অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে কোনো রান যোগ হয়নি।এরপর দ্রুতই আসে তৃতীয় আঘাত। কোনো রান যোগ হওয়ার আগেই তৃতীয় উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। ফলে ওয়ানডে ক্রিকেটে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো শূন্য রানে প্রথম তিন উইকেট হারানোর লজ্জার মুখে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।পরিসংখ্যান বলছে, এক হাজারের বেশি ওয়ানডে ম্যাচ খেলা অস্ট্রেলিয়া এর আগে কখনোই শূন্য রানে প্রথম তিন উইকেট হারায়নি। তাদের সর্বনিম্ন ছিল ৫ রানে ৩ উইকেট। অন্যদিকে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসেও এটি প্রথম ঘটনা, যেখানে কোনো প্রতিপক্ষ দলকে শূন্য রানে তিন উইকেট হারানোর অবস্থায় ফেলতে সক্ষম হয়েছে টাইগাররা।আন্তর্জাতিক ক্রিকেটেও এমন ঘটনা অত্যন্ত বিরল। এর আগে মাত্র তিনবার কোনো দল শূন্য রানে প্রথম তিন উইকেট হারিয়েছিল। সেই তালিকায় দুইবার ছিল পাকিস্তান এবং একবার বাংলাদেশ। ২০০৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার চামিন্দা ভাসের বিধ্বংসী স্পেলে প্রথম ওভারেই চার উইকেট হারিয়েছিল বাংলাদেশ।প্রথম ওয়ানডেতে ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা বাংলাদেশ শুরু থেকেই অস্ট্রেলিয়ার ব্যাটারদের চাপে রাখে। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত ও ধারালো বোলিংয়ে ম্যাচের শুরুতেই দিশেহারা হয়ে পড়ে সফরকারীরা।বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী ব্যাটিং লাইনআপকে শূন্য রানে তিন উইকেট হারানোর অবস্থায় ফেলে বাংলাদেশ যে কীর্তি গড়েছে, তা দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় সূচনা হিসেবে বিবেচিত হবে। :::