মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
শাহিন রেজা, মাল্টিমিডিয়া ইনচার্জ||
প্রকাশিত: ১১ জুন ২০২৬, সকাল ৭:৫৪ সময়
মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।মন্ত্রিসভার অনুমোদনের পর বাজেট-সংক্রান্ত বিলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অনুমোদন নেওয়া হবে। এরপর বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় বাজেট। একই সঙ্গে অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীরও এটি প্রথম বাজেট উপস্থাপন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে মোট বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে ৬ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে আগামী অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে গুরুত্ব দিয়ে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। বাজেট ঘোষণার পর এর বিভিন্ন খাতভিত্তিক বরাদ্দ ও করনীতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।