ইংলিসকে আউট করে ‘আক্রমণাত্মক’ উদযাপন, শাস্তির মুখে নাহিদ রানা
প্রথম দর্পণ, স্পোর্টস ডেক্স||
প্রকাশিত: ১০ জুন ২০২৬, বিকাল ৫:৫০ সময়
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আচরণবিধি ভঙ্গের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে এবং তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটার জশ ইংলিসকে আউট করার পর অতিরিক্ত আগ্রাসী উদযাপন করেন নাহিদ। উইকেট নেওয়ার পর তিনি ব্যাটারের দিকে এগিয়ে গিয়ে এমন আচরণ ও ভাষা ব্যবহার করেন, যা প্রতিপক্ষকে উসকে দেওয়ার শামিল বলে মনে করেছে আইসিসি।এ ঘটনায় আইসিসির আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এই ধারায় কোনো ব্যাটার আউট হওয়ার পর তাকে উদ্দেশ্য করে অপমানজনক ভাষা, অঙ্গভঙ্গি বা উত্তেজনাকর আচরণকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়।ম্যাচের অন-ফিল্ড আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার মোরশেদ আলী খান অভিযোগটি উত্থাপন করেন। তবে নাহিদ অভিযোগ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচ রেফারি প্রকাশ ভাটের প্রস্তাবিত শাস্তি মেনে নেন তিনি।গত ২৪ মাসে এটি নাহিদ রানার দ্বিতীয় শৃঙ্খলাভঙ্গের ঘটনা। সর্বশেষ ডিমেরিট পয়েন্ট যুক্ত হওয়ায় তার মোট ডিমেরিট পয়েন্টের সংখ্যা দাঁড়িয়েছে দুই।আইসিসির বিদ্যমান নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট অর্জন করলে তা সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ক্রিকেটারকে একটি টেস্ট অথবা দুটি ওয়ানডে কিংবা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।বর্তমানে নিষেধাজ্ঞার ঝুঁকিতে না থাকলেও ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে নাহিদ রানাকে আরও সতর্ক থাকার বার্তা দিয়েছে আইসিসি। :::