রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬০০ গ্রাম স্বর্ণালংকারসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৪ লাখ ৪২ হাজার টাকা।বুধবার সকালে বিমানবন্দরের সরকারি খোলা পার্কিং এলাকার দক্ষিণ পাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মনির হোসেন (৩২), কাজী মাসুদ (২৩), সাইদুল ইসলাম (২৬), ইলিয়াছ খাঁন (৩৩), সাব্বির মিয়া (২২) ও মো. কামাল হোসেন (৪৪)।এপিবিএন সূত্র জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি মাইক্রোবাসে করে পালানোর চেষ্টা করলে সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন। পরে এপিবিএন কার্যালয়ে নিয়ে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মোট ৫৯৭ দশমিক ৩ গ্রাম ওজনের ২২ ক্যারেট স্বর্ণালংকার উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের মাধ্যমে এসব স্বর্ণ দেশে এনে তারা গ্রহণ করতেন। দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক একটি স্বর্ণ চোরাচালান চক্রের ‘রিসিভার’ হিসেবে কাজ করছিলেন বলেও তারা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণ আমদানির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হিসেবে তারা কাজ করছিলেন।এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেন, বিমানবন্দর এলাকায় স্বর্ণ, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে এপিবিএনের অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। বিমানবন্দরকে ব্যবহার করে সংঘটিত যেকোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।