ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
মোঃ আল আমিন হোসেন, বার্তা সম্পাদক||
প্রকাশিত: ৫ জুন ২০২৬, সকাল ৭:৩০ সময়
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় মাছবোঝাই একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন এক মা ও তার পাঁচ বছর বয়সী শিশু সন্তান। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।শুক্রবার (৫ জুন) সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন অটোরিকশা চালক মাহবুব (৪৫), যাত্রী জোসনা বেগম (৪০) এবং তার ছেলে আশরাফুল (৫)। আহত হয়েছেন জোসনার স্বামী কাউসার (৫০) ও চার বছর বয়সী মেয়ে আদিবা। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা কাউসার তার স্ত্রী ও সন্তানদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে সরাইল বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিয়াল্লিশহর এলাকায় পেছন দিক থেকে দ্রুতগতির একটি মাছবোঝাই পিকআপ ভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে এর আরোহীরা গুরুতর আহত হন।স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা চালক মাহবুব, জোসনা বেগম ও তার শিশু সন্তান আশরাফুলকে মৃত ঘোষণা করেন।খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানের চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। ঘাতক যানবাহনটি শনাক্ত এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও তিনি জানান।