শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার, অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা এবং ঘটনার নেপথ্যের সম্ভাব্য দেশি-বিদেশি সংশ্লিষ্টতা উদ্ঘাটনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। তদন্ত কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি না থাকায় আন্দোলন আরও জোরদারের ঘোষণা দিয়েছে সংগঠনটি।বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।তিনি জানান, আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল মিছিল এবং শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। একই দাবিতে দেশের বিভিন্ন স্থানেও কর্মসূচি পালনের কথা জানিয়েছে সংগঠনটি।সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন, হত্যাকাণ্ডের তদন্তে অযথা বিলম্ব হচ্ছে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়। তিনি বলেন, তদন্ত প্রতিবেদন একাধিকবার পেছানো হয়েছে, যা জনমনে প্রশ্ন সৃষ্টি করেছে।তিনি দাবি করেন, হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটনে আরও গভীর তদন্ত প্রয়োজন। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা ও ঘটনার পর সন্দেহভাজনদের দেশত্যাগের বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি দাবি করেন।গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, বিভিন্ন সূত্রে সম্ভাব্য অভিযুক্তদের বিষয়ে তথ্য সামনে এলেও রাষ্ট্রীয় পর্যায়ে দৃশ্যমান অগ্রগতি জনগণের সামনে উপস্থাপন করা হয়নি।সংগঠনটির পক্ষ থেকে অভিযুক্তদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা ঘোষণার দাবি জানানো হয়। পাশাপাশি হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যায়ের তদন্ত ব্যবস্থার বিষয়েও মত প্রকাশ করেন নেতারা।সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের প্রকাশনা সম্পাদক ফাহিম মীর, সদস্য হাবিবুল্লাহ মিসবাহসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।