হামে মৃতের সংখ্যা ৬০০ পেরোল, নতুন রোগী ১,৩৩৪
মোঃ জাকির হোসাইন, সম্পাদক||
প্রকাশিত: ৩ জুন ২০২৬, দুপুর ১১:২১ সময়
দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৩৩৪ জন রোগী শনাক্ত হয়েছেন। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০১ জনে।বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ২১০ জন এবং পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫৫ জনের। সব মিলিয়ে নতুন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৩৪ জনে।এ পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৯০ জন শিশু এবং সন্দেহজনক হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৫১১ জনের।অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৩ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহজনক হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৫৭২ জন। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ১৯১ জনের শরীরে।এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ১৫৮ জন রোগী। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৫ হাজার ৯৪২ জন।গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী শিশুদের মধ্যে ৬ জন ঢাকা বিভাগের এবং ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। একই সময়ে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। বিভাগটিতে ৫২৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে, যার মধ্যে ৪৫ জনের হাম পরীক্ষায় নিশ্চিত হয়েছে।