ওমরাহযাত্রীদের জন্য সুখবর: শুরু হলো নতুন মৌসুমের ভিসা আবেদন।আন্তর্জাতিক ডেস্ক: ১৪৪৮ হিজরি সালের নতুন ওমরাহ মৌসুমের জন্য ভিসা আবেদন গ্রহণ ও ইস্যু কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (৩১ মে) থেকে বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিদের জন্য নতুন মৌসুমের ওমরাহ ভিসা কার্যক্রম চালু করা হয়েছে।মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন থেকে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশের অনুমতি পাবেন বিভিন্ন দেশের আবেদনকারীরা। ওমরাহযাত্রীরা সৌদি সরকারের অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক (Nusuk) অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশের অনুমতি, ওমরাহ পারমিট এবং প্রয়োজনীয় অন্যান্য সেবা সহজেই সংগ্রহ করতে পারবেন।একীভূত এই ডিজিটাল ব্যবস্থার আওতায় হোটেল বুকিং, ভ্রমণ পরিকল্পনা, অনুমতিপত্র সংগ্রহসহ ওমরাহ-সংক্রান্ত বিভিন্ন সেবা এক প্ল্যাটফর্ম থেকেই পাওয়া যাবে। সাম্প্রতিক বছরগুলোতে ওমরাহ ব্যবস্থাপনাকে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে ব্যাপক ডিজিটাল সংস্কার বাস্তবায়ন করেছে সৌদি সরকার।হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন মৌসুমে ওমরাহ ভিসা ইস্যুর শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৯ মার্চ ২০২৭ (১ শাওয়াল ১৪৪৮ হিজরি)। তবে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশ করা যাবে ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত।সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির অংশ হিসেবে হজ ও ওমরাহ সেবাকে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ইলেকট্রনিক পারমিট ব্যবস্থা, স্বয়ংক্রিয় চুক্তি প্রক্রিয়া, কিউআর কোডভিত্তিক যাচাইকরণ এবং পরিবহন ও আবাসন অবকাঠামোর সম্প্রসারণ।কর্তৃপক্ষের আশা, নতুন মৌসুমে আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে আরও বেশি সংখ্যক মুসল্লি সহজ, নিরাপদ ও নির্বিঘ্নভাবে ওমরাহ পালনের সুযোগ পাবেন।