আদ্-দ্বীনে ৬ শিশুর মৃত্যুর রহস্য উন্মোচনে ৩ দিনের আল্টিমেটাম, তদন্ত প্রতিবেদন ৩ জুননিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতাল-এ ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত।সোমবার (১ জুন) ঈদের ছুটির পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এর প্রকৃত কারণ উদ্ঘাটনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পৃথকভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।মন্ত্রী জানান, সরকারের পক্ষ থেকে ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি নিজে হাসপাতাল পরিদর্শন করেছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরও পৃথক তদন্ত করবে। তদন্ত প্রক্রিয়াকে আরও কার্যকর করতে শিশুদের মায়েদের বক্তব্যসহ সংশ্লিষ্ট সব তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।সরদার মো. সাখাওয়াত বলেন, প্রাথমিকভাবে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে আরও বাস্তবভিত্তিক ও গ্রহণযোগ্য প্রতিবেদন তৈরির লক্ষ্যে অতিরিক্ত তথ্য সংগ্রহের প্রয়োজন হয়েছে। আগামী ৩ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে এবং এরপর বিস্তারিত তথ্য জনসমক্ষে তুলে ধরা হবে।ঘটনার আইনি দিক পর্যালোচনার জন্য অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন মন্ত্রী।শিশুদের মৃত্যুর কারণ নির্ধারণে কোনো পোস্টমর্টেম না হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে কোনো অভিভাবক এতে সম্মতি দেননি। জোরপূর্বক পোস্টমর্টেম করা হলে নতুন জটিলতা সৃষ্টি হতে পারত।মন্ত্রী আরও বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।