বিয়ের জন্য মানুষ পেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সরে গেছেন— জানালেন বাঁধন।পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একটি বিশেষ মাল্টিমিডিয়া অনুষ্ঠানে অংশ নিয়ে প্রেম, বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।অনুষ্ঠানে নতুন সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না— এমন প্রশ্নের জবাবে বাঁধন জানান, গত বছর তিনি বিয়ের বিষয়ে গুরুত্বের সঙ্গে ভাবছিলেন। এমনকি বিয়ে করার মতো একজন মানুষকেও খুঁজে পেয়েছিলেন বলে দাবি করেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্কটি পরিণতি পায়নি।বাঁধন বলেন, “সত্যি বলতে, গত বছর আমার বিয়ের পরিকল্পনা ছিল। কিন্তু বিয়ে করতে হলে আমার পছন্দের মানুষ হতে হবে। এমন একজনকে পেয়েছিলামও, যার মা আমাকে খুব পছন্দ করতেন। কিন্তু শেষ পর্যন্ত সে-ই সরে গেছে।”বর্তমানে বিয়ের জন্য উপযুক্ত কাউকে খুঁজে পাচ্ছেন না বলেও জানান এই অভিনেত্রী। তবে প্রেমের বিষয়ে তার আপত্তি নেই বলেও অকপটে স্বীকার করেন তিনি।তার ভাষায়, “প্রেম করার মতো দু-একজন মানুষ পেয়েছিলাম। তাদের মধ্যে একজনের সঙ্গে সম্পর্কও ছিল। কিন্তু বিয়ের জন্য সঠিক মানুষ খুঁজে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।”নিজের অতীত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে বাঁধন বলেন, “আমি তো দুইবার বিয়ে করেছি। তাই এখন আর তাড়াহুড়ো করে একই ভুল করতে চাই না।”অনুষ্ঠানে ঈদকে ঘিরে শৈশবের নানা স্মৃতিও তুলে ধরেন তিনি। বাঁধনের স্মৃতিতে এখনও উজ্জ্বল হয়ে আছে পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামের বাড়িতে কাটানো কোরবানির ঈদ। তিনি জানান, শ্রীনগর-এ তাদের গ্রামের বাড়িতে ঈদের সময়গুলো ছিল আনন্দ আর উচ্ছ্বাসে ভরপুর।তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঈদের অনুভূতিও বদলে গেছে বলে মনে করেন এই অভিনেত্রী। তার মতে, আগের মতো আনন্দের চেয়ে এখন দায়িত্ববোধই বেশি অনুভূত হয়।বাঁধন বলেন, “বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঈদের আনন্দের চেয়ে দায়িত্ববোধই বেশি অনুভূত হয়। আর রোজার ঈদের সবচেয়ে আনন্দের স্মৃতি ছিল সিনেমা হলে গিয়ে ছবি দেখা। সেই স্মৃতিগুলো এখনও আমার কাছে বিশেষ।”