গণভোটের রায় বাস্তবায়নে সংসদ ও রাজপথে সক্রিয় থাকবে জামায়াতবাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন ও জনগণের দাবি আদায়ে সংসদ এবং রাজপথ—উভয় ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা পালন করবে জামায়াতে ইসলামী।শনিবার ফরিদপুর অঞ্চলের দুই দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, সরকার যদি জনগণের দাবি ও জুলাই সনদের বিষয়গুলো উপেক্ষা করে, তাহলে গণমানুষকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এবং সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।ড. হামিদ আযাদ বলেন, সরকার জনকল্যাণমূলক ও ইতিবাচক কর্মকাণ্ড পরিচালনা করলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহযোগিতা করবে। তবে অন্যায়, দুর্নীতি, দুঃশাসন ও গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সংসদের পাশাপাশি রাজপথেও প্রতিবাদ অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবি জনগণের মধ্যে দিন দিন জনপ্রিয়তা অর্জন করছে। জনগণের প্রত্যাশা পূরণ ও জাতীয় স্বার্থ রক্ষায় এর বাস্তবায়নের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।দুই দিনব্যাপী এ শিক্ষা শিবিরে ফরিদপুর অঞ্চলের অন্তর্ভুক্ত পাঁচ জেলার কর্মপরিষদ সদস্য ও আঞ্চলিক টিম সদস্যরা অংশ নেন। এ সময় সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আদর্শিক প্রশিক্ষণ, দায়িত্বশীলতা এবং সমসাময়িক জাতীয় ইস্যু নিয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।সমাপনী অধিবেশনে নেতারা আশা প্রকাশ করেন, এ শিক্ষা শিবির জনশক্তির মানোন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।