ডিএমপির ভারপাপ্ত কমিশনারের দায়িত্ব পেলেন নজরুল ইসলাম
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৫ মে ২০২৬, সকাল ৫:১৫ সময়
ডিএমপির ভারপাপ্ত কমিশনারের দায়িত্ব পেলেন নজরুল ইসলামঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম। চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় মো. সরওয়ার অবসরে যাওয়ায় জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে তিনি এই স্থলাভিষিক্ত হলেন।বৃহস্পতিবার (১৪ মে) ছিল ডিএমপির বিদায়ী ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের শেষ কর্মদিবস। রাত সাড়ে ১০টার দিকে ডিএমপি সদরদপ্তরে তিনি এস এন নজরুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। নতুন কমিশনার নিয়োগ না হওয়া অথবা পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন বলে নিশ্চিত করেছেন।উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তৎকালীন কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ করেন। এরপর ২৬ মার্চ অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ারকে ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব দেওয়া হয়। তার অবসরের মাধ্যমে ডিএমপি প্রশাসনে এই পরিবর্তন এলো।এস এন নজরুল ইসলাম ১৯৯৮ সালে ১৭তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং জেলা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ২৭ ডিসেম্বর তিনি ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব নেন। যদিও গত সপ্তাহে তাঁকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছিল, তবে তিনি এখনো নতুন কর্মস্থলে যোগদান করেননি