মেঘনায় নাশকতার প্রতিবাদে বিএনপির মিছিল, প্রতিরোধ গড়ে তোলার আহ্বানবিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) চরিত্র ছাড়া বিশ্বের সবকিছু পরিবর্তনশীল। আবহাওয়া, পরিবেশ, ঋতু, মানুষের আচার-আচরণ ও সংস্কৃতিতে পরিবর্তন এলেও দলটির চারিত্রিক বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হয়নি।রোববার (২২ নভেম্বর) কুমিল্লার মেঘনা উপজেলা বাসস্টেশন চত্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।খন্দকার মারুফ হোসেন বলেন, আওয়ামী লীগের বর্বরোচিত সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দলটিকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ ঘোষণার দাবি জনগণের মধ্যে জোরালো হচ্ছে। দলটি সরকারে কিংবা বিরোধী দলে থাকুক, দেশ ও জাতির কল্যাণে কোনো কাজ করে না বলে মন্তব্য করেন তিনি।বিএনপির এই নেতা অভিযোগ করেন, গত ১৭ বছর আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট ও দুঃশাসনের মাধ্যমে দেশকে ধ্বংস করেছে। বিরোধী দলে থাকলে আন্দোলনের নামে দেশের সম্পদ ধ্বংস এবং অরাজকতা সৃষ্টি করে জনজীবন দুর্বিষহ করে তোলে।নাশকতা প্রতিরোধে নেতাকর্মীদের আহ্বানখন্দকার মারুফ হোসেন বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী গোষ্ঠী যেখানে নাশকতার চেষ্টা করবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ জন্য তিনি বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।তিনি আরও বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী গোষ্ঠী তাদের ‘পলাতক নেত্রীর ফিরে আসার দিবাস্বপ্ন’ ঘিরে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জনমনে আতঙ্ক ছড়াতে নাশকতা শুরু করেছে বলে অভিযোগ করে তিনি বলেন, জাতীয় স্বার্থবিরোধী এসব কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না।প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে দাবি করে খন্দকার মারুফ বলেন, সরকার সর্বক্ষেত্রে উন্নয়ন করছে এবং সুস্থ ধারার গণতান্ত্রিক রাজনীতির চর্চা হচ্ছে। দেশের জনগণ নিরাপদে জীবনযাপন করছে বলেও মন্তব্য করেন তিনি।একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে উল্লেখ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তারেক রহমান উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সক্ষম হবেন বলে জনগণ আশা করে।মোটর শোভাযাত্রা ও প্রতিবাদ মিছিলসমাবেশের আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটের চর থেকে ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে একটি মোটর শোভাযাত্রা বের হয়। শত শত মোটরসাইকেল ও প্রাইভেট কারের শোভাযাত্রাটি মেঘনা উপজেলা বাসস্টেশনে পৌঁছায়।শোভাযাত্রার অগ্রভাগে খোলা জিপে দাঁড়িয়ে নেতৃত্ব দেন খন্দকার মারুফ হোসেন। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।পরে তাঁর নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি থানার সামনে গিয়ে শেষ হয়।কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্বাসউদ্দীন কমান্ডার।এ ছাড়া উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল অদুদ মুন্সি, সদস্যসচিব এসএম সালাহউদ্দিন সরকার, বিএনপি নেতা আজহারুল হক শাহীন, শহীদউল্লাহ সরকার, অধ্যাপক শহীদুল ইসলাম, আবদুল মতিন, আবদুল গাফফার, জয়নাল আবেদীন, এমএ কাইয়ুম, আবু ইউসুব নয়ন, জহিরুল ইসলাম, দিলারা শিরীন, আতাউর রহমান, সোলাইমান হোসেন ও জাকির মাহমুদসহ স্থানীয় নেতাকর্মীরা।