বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো বিদেশি শক্তির প্রভাব মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।তিনি বলেছেন, ‘সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই। বিএনপি সেই জাতীয়তাবাদী নীতি ও রাজনীতিতেই বিশ্বাস করে।’রোববার দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ এলাকার জেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের সম্মানে আয়োজিত কৃতজ্ঞতা ও ধন্যবাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আধিপত্যবাদ রুখতে ঐক্যের আহ্বানপ্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে স্পষ্ট করেছেন, ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদী অপশক্তিকে রুখে দিতে হবে। এসব শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়।কায়সার কামাল বলেন, দেশের একটি বিশেষ রাজনৈতিক দল কখনোই গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করেনি। স্বাধীনতার পর বাকশাল প্রতিষ্ঠা থেকে শুরু করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন পর্যন্ত বিভিন্ন সময়ে তারা জনগণের ভোটাধিকার হরণ করেছে। অতীতে জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় জনপ্রতিনিধিদের জবাবদিহিও ভেঙে পড়েছিল।তিনি অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থান করে ওই দলের শীর্ষ নেতৃত্ব এখনো বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। লন্ডনে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং নিউইয়র্কে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ওপর হামলা, বিভিন্ন স্থানে পেট্রলবোমা নিক্ষেপ ও তৈরি পোশাকশিল্পে সহিংসতা সৃষ্টি তাদের অপচেষ্টার অংশ।সহিংসতা দেশের অর্থনীতির জন্য হুমকিডেপুটি স্পিকার বলেন, দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত হলে শ্রমিকসহ পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে। অতীতে দেড় মাসে সহিংসতায় ১ হাজার ৪০০ মানুষ হত্যার ভয়াবহ চিত্র তুলে ধরে তিনি বলেন, দেশের মানুষ সেই বর্বরতা ভুলে যায়নি। নতুন করে সহিংসতার মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না।নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে এমন একটি বাংলাদেশ গড়তে হবে, যেখানে প্রতিটি নাগরিকের মানবিক মর্যাদা, আইনের শাসন ও সমান অধিকার নিশ্চিত হবে। কেউ আশরাফ বা আতরাফ নয়, সবাই সমান নাগরিক সুবিধা ভোগ করবেন।৪৪৬ পোলিং এজেন্টকে সম্মাননাঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জহিরুল ইসলাম জহির।এতে বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এজেন্ট ও জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এজমল হোসেন পাইলট, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আনিছুর রহমান এবং পোলিং এজেন্ট মাহমুদা আক্তার, মিনা আক্তার, কলি আক্তার, সালমান ও বায়োজিদ তালুকদার।অনুষ্ঠানে কলমাকান্দা-১ আসনে নির্বাচনী দায়িত্ব পালনকারী ৪৪৬ জন পোলিং এজেন্ট অংশ নেন। নির্বাচনী দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ সম্মান জানানোয় তাঁরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।তথ্যসূত্র: ২২ নভেম্বর ২০২৬; কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি।