সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়নের নাটোর–রাজশাহী মহাসড়কের পাশে সি.আর.বি.সি. এলাকায় অবস্থিত ‘মা–বাবার দোয়া’ নামক একটি খাবার হোটেলের আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।তথ্য অনুসন্ধান ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উক্ত হোটেলের ভেতরের অংশে লুকিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালিত হয়ে আসছে। সূত্রের মাধ্যমে মাদক বিক্রির একাধিক ভিডিও ফুটেজও সংগ্রহ করা হয়েছে বলে দাবি করা হয়।অনুসন্ধানে আরও জানা যায়, চড়িয়া কালিবাড়ী গ্রামের মৃত দুলাল হোসেনের ছেলে সুজন আলী দীর্ঘদিন ধরে ওই হোটেলে অবস্থান করে গাঁজা ও ইয়াবা সেবনের পাশাপাশি মহাসড়কে চলাচলকারী যানবাহনের ড্রাইভার ও হেল্পারদের কাছে মাদক বিক্রি করে আসছে।এ বিষয়ে ‘মা–বাবার দোয়া’ খাবার হোটেলের মালিক মোহাম্মদ আলীর সঙ্গে সরেজমিনে কথা বলার চেষ্টা করা হলে তাকে হোটেলে পাওয়া যায়নি। পরবর্তীতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে হোটেলের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, “সুজন নিজে খায় এবং ড্রাইভারদের কাছে বিক্রি করে। তাকে কিছু বলবেন না—বিক্রি করছে, করুক।”স্থানীয়দের অভিযোগ, একই এলাকায় র্যাব-১২ সিরাজগঞ্জের কার্যালয়, সলঙ্গা থানা ও হাইওয়ে থানা অবস্থিত থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে হোটেল ব্যবসার আড়ালে মাদক কার্যক্রম চালানো হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,“মা–বাবার দোয়া খাবার হোটেলে মাদক বিক্রির বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”