বন্দিশিবিরে আটক ৬ হাজার ২৯৪ রোহিঙ্গা, পার্লামেন্টে তথ্য প্রকাশমালয়েশিয়ায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৪০০ জন। দেশটিতে নিবন্ধিত মোট শরণার্থী ও আশ্রয়প্রার্থীর সংখ্যা ২ লাখ ২৭ হাজার ৪১৪ জন। এর মধ্যে ২ লাখ ৫ হাজার ২৭৩ জনই মিয়ানমারের নাগরিক, যা মোট নিবন্ধিত শরণার্থীর ৯০ দশমিক ২ শতাংশ।গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ইউএনএইচসিআরের নিবন্ধনসংক্রান্ত তথ্যের ভিত্তিতে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ দেওয়ান রাকায়ায় এক লিখিত জবাবে এসব তথ্য জানান।স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, মালয়েশিয়ার বিভিন্ন রাজ্য ও অঞ্চলে ইউএনএইচসিআরের পরিচয়পত্রধারী শরণার্থীরা অবস্থান করছেন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন সেলাঙ্গর রাজ্যে। সেখানে নিবন্ধিত শরণার্থীর সংখ্যা ৭৪ হাজার ২৮ জন, যা মোট সংখ্যার প্রায় ৩৩ শতাংশ।এ ছাড়া রাজধানী কুয়ালালামপুরে রয়েছেন ৪৭ হাজার ৩৩৩ জন বা ২১ শতাংশ এবং পেনাং রাজ্যে রয়েছেন ২৫ হাজার ৩৫৭ জন বা ১১ শতাংশ।তবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেছেন, রাজ্যভিত্তিক এই পরিসংখ্যান ইউএনএইচসিআরের সব পরিচয়পত্রধারী শরণার্থীর সম্মিলিত হিসাব। এটি শুধু রোহিঙ্গা জনগোষ্ঠীর অবস্থানসংক্রান্ত পরিসংখ্যান নয়।বন্দিশিবিরে আটক ৬ হাজারের বেশি রোহিঙ্গাএদিকে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের বিভিন্ন বন্দিশিবিরেও উল্লেখযোগ্যসংখ্যক রোহিঙ্গা আটক রয়েছেন। গত ৩১ অক্টোবর পর্যন্ত উপদ্বীপ মালয়েশিয়ার বিভিন্ন অভিবাসন বন্দিশিবিরে মিয়ানমারের মোট ১১ হাজার ২০৮ জন নাগরিক আটক ছিলেন। তাঁদের মধ্যে ৬ হাজার ২৯৪ জন রোহিঙ্গা জনগোষ্ঠীর।পরিসংখ্যান অনুযায়ী, মালয়েশিয়ায় ইউএনএইচসিআরের নিবন্ধিত শরণার্থীদের বড় অংশই মিয়ানমার থেকে আসা। তাঁদের মধ্যে রোহিঙ্গাদের সংখ্যা উল্লেখযোগ্য। একইভাবে অভিবাসন বিভাগের বন্দিশিবিরে আটক মিয়ানমারের নাগরিকদের অর্ধেকেরও বেশি রোহিঙ্গা।