পান্নুন হত্যা ষড়যন্ত্রের মামলায় মার্কিন আদালতের নির্দেশ; দিল্লির অভিযোগ প্রত্যাখ্যান, সমন জারি মানেই অপরাধ প্রমাণ নয়যুক্তরাষ্ট্রে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও দেশটির গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলের বিরুদ্ধে সমন পাঠানোর উদ্যোগ নিয়েছে মার্কিন আদালত। তাঁদের কাছে আইনি নোটিশ পৌঁছে দিতে ভারতের তিনটি জেলা আদালতের সহায়তা চাওয়া হয়েছে।মামলার নথি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের জেলা আদালতের বিচারক ক্যাথরিন পোল্ক ফেইলা গত ১৩ নভেম্বর এক আদেশে ভারতের আদালতের মাধ্যমে সমন পাঠানোর অনুমতি দেন। এর আগে ভারতের আইন মন্ত্রণালয় ও ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসের মাধ্যমে সমন পাঠানোর চেষ্টা করেও সফল হননি মামলার বাদী পান্নুন।তবে সমন জারি হওয়া মানেই দোভাল বা গোয়েলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়া নয়। এটি মূলত মামলার বিষয়ে তাঁদের অবহিত করা এবং আইনি প্রক্রিয়ায় যুক্ত করার একটি পদক্ষেপ।তিন জেলা আদালতের মাধ্যমে সমন পাঠানোর নির্দেশমার্কিন আদালতের আদেশ অনুযায়ী, অজিত দোভালের কাছে সমন পৌঁছে দিতে ভারতের পাতিয়ালা হাউজ জেলা আদালতের সহায়তা নেওয়া হবে। সামন্ত গোয়েলের জন্য সমন পাঠানো হবে দ্বারকা ও তিস হাজারি জেলা আদালতের মাধ্যমে।ভারতের আদালতগুলোকে সমন ও সংশ্লিষ্ট আইনি নথি গ্রহণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নোটিশ পৌঁছে দিতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তার লিখিত বিবরণও চেয়েছেন মার্কিন আদালত।এ ক্ষেত্রে ১৯৬৫ সালের হেগ কনভেনশনের ১৯ নম্বর অনুচ্ছেদ এবং ভারতের দেওয়ানি কার্যবিধির ২৯(গ) ধারা ও পঞ্চম আদেশের ২১ নম্বর বিধি অনুসরণ করা হয়েছে। এসব বিধিতে বিদেশি আদালতের আইনি নথি স্থানীয় আদালতের মাধ্যমে পৌঁছে দেওয়ার সুযোগ রয়েছে।২০২৪ সালে দায়ের হয় দেওয়ানি মামলা২০২৪ সালে নিউইয়র্কের একটি আদালতে মামলাটি দায়ের করেন যুক্তরাষ্ট্রপ্রবাসী শিখ নেতা ও আইনজীবী গুরপতবন্ত সিং পান্নুন। তাঁর অভিযোগ, যুক্তরাষ্ট্রের মাটিতে তাঁকে হত্যার ষড়যন্ত্রে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, ‘র’-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলসহ কয়েকজন জড়িত ছিলেন। এ ঘটনায় ক্ষতিপূরণও দাবি করেছেন তিনি।পান্নুন ‘শিখস ফর জাস্টিস’ নামের একটি সংগঠনের নেতা। সংগঠনটি ভারতে নিষিদ্ধ। ভারত সরকার তাঁকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে। অন্যদিকে, পান্নুন নিজেকে শিখদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের সমর্থক হিসেবে পরিচয় দেন।মামলার আবেদনে পান্নুন দাবি করেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি সফরে থাকা অবস্থায় তিনি তিনবার সরাসরি দোভালের কাছে সমন পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। তবে প্রতিবারই দোভালের নিরাপত্তাকর্মীরা বাধা দেন বলে অভিযোগ তাঁর।পরে ভারতের আইন মন্ত্রণালয়ের মাধ্যমে দোভাল, গোয়েল ও মামলার আরেক অভিযুক্ত বিক্রম যাদবের কাছে আইনি নথি পাঠানোর চেষ্টা করা হয়। সেই প্রচেষ্টাও সফল হয়নি।দূতাবাসের মাধ্যমে পাঠানো নোটিশও পৌঁছায়নিপান্নুনের আবেদনে বলা হয়েছে, গত ৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কূটনৈতিক চিঠির মাধ্যমে ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসেও সমন পাঠিয়েছিল। তবে ওই প্রক্রিয়াতেও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে সমন পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা যায়নি।এরপর ভারতের আদালতের সহায়তা চেয়ে আবেদন করেন পান্নুন। মার্কিন আদালত তাঁর সেই আবেদন মঞ্জুর করেন।অভিযোগ প্রত্যাখ্যান ভারতেরভারত সরকার শুরু থেকেই পান্নুনের আনা অভিযোগ অস্বীকার করে আসছে। গত ১০ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল অভিযোগগুলোকে ‘মনগড়া, বিদ্বেষপূর্ণ ও ভিত্তিহীন’ বলে অভিহিত করেন।গত শুক্রবার, ২০ নভেম্বর বিষয়টি নিয়ে আবারও প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, এ ধরনের ভিত্তিহীন মামলা ভারত আগেও প্রত্যাখ্যান করেছে। এসব অভিযোগ তারা মানে না এবং এ বিষয়ে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।