সহিংসতা, অগ্নিসংযোগ ও শিল্পকারখানা বন্ধের ঘটনায় হতাশা প্রকাশ; শিক্ষাব্যবস্থা সংস্কার ও কর্মসংস্থান সৃষ্টির তাগিদস্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও দেশের মৌলিক সমস্যাগুলোর সমাধান না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নিরপরাধ মানুষকে হত্যা, বাসে অগ্নিসংযোগ এবং কলকারখানা বন্ধ করে দেওয়ার মতো ঘটনা কোনোভাবেই প্রত্যাশিত বাংলাদেশের চিত্র হতে পারে না। এ অবস্থা থেকে বেরিয়ে এসে দেশকে সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রাষ্ট্রপতি বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের আন্দোলনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তারা সমাজ ও রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন চেয়েছেন। তবে দুর্ভাগ্যজনকভাবে সব ক্ষেত্রে সেই প্রত্যাশা পূরণ করা সম্ভব হয়নি।তিনি বলেন, ‘দেশের নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে, বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কলকারখানাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এ কোন বাংলাদেশ? আমরা কোন জাতি? যে জাতি নিজেদের ধ্বংস করছি। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসা প্রয়োজন।’ঢাকা কলেজের আবাসন ও অবকাঠামো নিয়ে উদ্বেগঢাকা কলেজকে দেশের, এই অঞ্চলের এবং সমগ্র উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, এ প্রতিষ্ঠান থেকে বহু সৃজনশীল ও মেধাবী মানুষ বেরিয়ে এসেছেন। কলেজটির শিক্ষার্থীরা বরাবরই রাজনৈতিকভাবে সচেতন এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন।তবে কলেজের শিক্ষার্থীদের আবাসন, হোস্টেল, উন্নত লাইব্রেরি ও গবেষণাগারের পর্যাপ্ত সুবিধা না থাকার বিষয়টি শুনে তিনি হতাশা প্রকাশ করেন। শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনের তাগিদদেশের শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করে নতুনভাবে সাজানোর আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী স্নাতক শেষ করে কর্মজীবনে প্রবেশ করলেও তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান ও চাকরির সুযোগ তৈরি হচ্ছে না।তিনি বলেন, শিক্ষাব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাতে হবে, যাতে তা বাস্তব জীবনে কার্যকর ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীরা যেন নিজেদের যোগ্যতা ও দক্ষতা কাজে লাগিয়ে দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণে অবদান রাখতে পারেন, সেদিকে বিশেষ নজর দিতে হবে।মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়ার প্রত্যাশারাষ্ট্রপতি বলেন, পূর্বপুরুষেরা দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন। একইভাবে নতুন প্রজন্মের অনেক তরুণও দেশের পরিবর্তন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন দিয়েছেন। তাঁদের স্বপ্ন ও আত্মত্যাগের ভিত্তিতে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে পরবর্তী প্রজন্ম মর্যাদা ও মানবিক পরিবেশে জীবনযাপন করতে পারবে।তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, যেখানে সাম্য, মানবিক মর্যাদা এবং নিজেদের সম্ভাবনা বিকাশের পর্যাপ্ত সুযোগ থাকবে।শিক্ষার্থীদের চিন্তা ও সৃজনশীলতা বিকাশে শিক্ষকদের ভূমিকাশিক্ষকদের দায়িত্বের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, শিক্ষকদের কাজ কেবল পাঠদানেই সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের চিন্তাশক্তি, বিবেক, মূল্যবোধ ও মানবিক চরিত্র গঠনে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তবুদ্ধির চর্চা, জ্ঞান অনুসন্ধান, গবেষণামনস্কতা এবং সৃজনশীল চিন্তার বিকাশে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।বক্তব্যের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, নতুন প্রজন্মের সৃজনশীলতা, সাহস ও উদ্যোগের মধ্য দিয়েই বাংলাদেশ একটি বাসযোগ্য, মানবিক ও সমৃদ্ধ সমাজ হিসেবে গড়ে উঠবে।