গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতিতে শরণার্থী শিবিরে আনন্দ-অশ্রু | অপরাধীদের বিচার, নাগরিকত্ব ও নিরাপদ প্রত্যাবাসনের দাবিমিয়ানমারের সেনাবাহিনীর হাতে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতিতে স্বস্তি ও আবেগে ভাসছেন কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। দীর্ঘদিনের অপেক্ষার পর আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে তারা নিজেদের ওপর চালানো নির্যাতনের সত্যতা প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। তবে এই স্বীকৃতির পরও তাদের প্রধান প্রত্যাশা—অপরাধীদের বিচার, নাগরিকত্ব ও মৌলিক অধিকার ফিরে পাওয়া এবং নিরাপদে নিজ দেশে প্রত্যাবর্তন।বৃহস্পতিবার আইসিজের ঐতিহাসিক রায় ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পর কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। কেউ মোবাইল ফোনে, কেউ ল্যাপটপে আবার কেউ বড় পর্দায় আদালতের কার্যক্রম অনুসরণ করেন। রায়ের খবর পেয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন, আবার কেউ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে প্রার্থনা করেন।কক্সবাজারের ১-ই ক্যাম্পের বাসিন্দা উম্মে রুমান দীর্ঘ সময় মোবাইল ফোনে রায়ের খবরের অপেক্ষায় ছিলেন। দুর্বল ইন্টারনেট সংযোগের কারণে সরাসরি সম্প্রচার দেখতে না পারলেও সামাজিক যোগাযোগমাধ্যমে গণহত্যার স্বীকৃতির খবর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। ভাবিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন রুমান।তার ভাষায়, এই রায় শুধু আইনি সিদ্ধান্ত নয়; বরং রোহিঙ্গাদের ওপর চালানো ভয়াবহ নির্যাতনের আন্তর্জাতিক স্বীকৃতি।দীর্ঘ অপেক্ষার পর আন্তর্জাতিক স্বীকৃতিপ্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানে রোহিঙ্গাদের ওপর ব্যাপক নৃশংসতা ও গণহত্যা সংঘটিত হয়। ওই অভিযানে ১০ হাজারের বেশি মানুষ নিহত হন। দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে আসা মিয়ানমারের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলায় আইসিজের রায় রোহিঙ্গাদের ন্যায়বিচারের দাবিকে নতুন ভিত্তি দিয়েছে।প্রায় এক দশক ধরে বিচার ও আন্তর্জাতিক স্বীকৃতির অপেক্ষায় থাকা রোহিঙ্গাদের কাছে এ রায় নতুন আশার সঞ্চার করেছে।১৮ বছর বয়সি রোহিঙ্গা যুবক মোহাম্মদ রেহান শিক্ষক ও বন্ধুদের সঙ্গে ল্যাপটপে আদালতের কার্যক্রম দেখছিলেন। রায় ঘোষণার পর শিবিরের অনেক নারীকে কান্নায় ভেঙে পড়তে দেখেন তিনি। অন্যদিকে অনেকে প্রার্থনায় মগ্ন হন।রেহানের আশা, এই রায় তাদের মিয়ানমারে ফিরে যাওয়ার পথ সুগম করবে। মাকে রায়ের খবর জানালে তিনিও আনন্দ প্রকাশ করেন এবং নিজ দেশে ফেরার প্রত্যাশা ব্যক্ত করেন।গাম্বিয়ার ভূমিকার প্রশংসারায় ঘোষণার পর রোহিঙ্গা শিবিরের বিভিন্ন ব্লকে খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। বয়স্ক শরণার্থীরা মামলায় গাম্বিয়ার ভূমিকার প্রশংসা করেন।১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের সদস্য দেশ হিসেবে গাম্বিয়া রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার বিচার চেয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করে। ভৌগোলিকভাবে দূরে অবস্থান করেও দেশটির এই উদ্যোগ রোহিঙ্গাদের মধ্যে কৃতজ্ঞতা ও আশাবাদ তৈরি করেছে।আনন্দের মধ্যেও তাড়া করছে নির্যাতনের স্মৃতিআন্তর্জাতিক স্বীকৃতিতে স্বস্তি এলেও শরণার্থী জীবনের দুর্ভোগ ও অতীতের ক্ষত এখনো তাদের তাড়া করছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃহস্পতিবার শিবিরগুলোতে বৃষ্টি হয়। এতে ঘিঞ্জি ঝুপড়ি ঘরে বসবাসকারী পরিবারগুলোর দুর্ভোগ আরও বেড়ে যায়।রোহিঙ্গা যুবক নুরুল আমিন বলেন, আদালতের রায়ে তিনি আনন্দিত হলেও এটি ২০১৭ সালের নির্যাতন, সেনাবাহিনীর নৃশংসতা এবং ফেলে আসা বাড়িঘরের স্মৃতি আবার সামনে নিয়ে এসেছে।রোহিঙ্গা অধিকারকর্মী রহিমুল্লাহর মতে, এই রায় স্বস্তি ও আশার বার্তা দিলেও হারিয়ে যাওয়া স্বজনদের ফিরিয়ে দিতে পারবে না, মুছে দিতে পারবে না দীর্ঘদিনের বেদনা।নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশের কূটনৈতিক ভূমিকার গুরুত্বচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রোহিঙ্গা সংকটবিষয়ক গবেষক নাসির উদ্দিন মনে করেন, ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক ন্যায়বিচারের ধারণা প্রতিষ্ঠায়ও এর তাৎপর্য রয়েছে।অন্যদিকে, ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ ফেলো মাইকেল কুগেলম্যান আলজাজিরাকে বলেন, গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক আদালতে স্বীকৃতি পাওয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের আলোচনায় নতুন মাত্রা যুক্ত হতে পারে। নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের কাছ থেকে বাংলাদেশকে আরও শক্তিশালী নিশ্চয়তা আদায় করতে হবে।সব মিলিয়ে আইসিজের রায়কে রোহিঙ্গারা ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখলেও তাদের মূল আকাঙ্ক্ষা এখনো নিজ দেশে ফেরা। তারা চান, গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত হোক, নাগরিকত্ব ও মৌলিক অধিকার ফিরে পাক এবং মিয়ানমারে নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাসের সুযোগ তৈরি হোক।নুরুল আমিনের প্রত্যাশা, আন্তর্জাতিক সম্প্রদায় শুধু মানবিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ না থেকে রোহিঙ্গা সংকটের রাজনৈতিক কারণগুলোর সমাধানে কার্যকর ভূমিকা রাখবে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও সামরিক শাসনের অবসানের মধ্য দিয়ে তাদের নিরাপদ প্রত্যাবাসনের পথ তৈরি হবে।