বিশ্ব রাজনীতিতে ভারতের প্রভাব ও কূটনৈতিক ভূমিকা কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, একসময় আন্তর্জাতিক অঙ্গনে ভারত স্বাধীন ও শক্তিশালী অবস্থান নিয়ে কথা বললেও বর্তমানে গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক আলোচনায় দেশটি পিছিয়ে পড়ছে। বিপরীতে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মতো প্রভাবশালী দেশের সঙ্গে দরকষাকষি করছে।যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোতে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব মন্তব্য করেন রাহুল গান্ধী। এ সময় ভারতের পররাষ্ট্রনীতির বর্তমান অবস্থান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কূটনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।রাহুল গান্ধী বলেন, আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে ভারতের ঐতিহাসিকভাবেই গভীর ও পরিপক্ব ধারণা রয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক ও অংশীদারত্ব বজায় রাখলেও অতীতে নয়াদিল্লি নিজেদের স্বাধীন চিন্তাভাবনা ও অবস্থান ধরে রাখতে পারত।তিনি বলেন, ভারতের আয়তন, অর্থনৈতিক সক্ষমতা ও আন্তর্জাতিক গুরুত্ব বিবেচনায় বিশ্ব রাজনীতিতে দেশটির শক্তিশালী কণ্ঠস্বর থাকার কথা। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আলোচনায় ভারতের সক্রিয় অংশগ্রহণও প্রত্যাশিত। কিন্তু বাস্তবতা হলো, ভারত এখন বিশ্ব রাজনীতিতে পার্শ্বচরিত্রে পরিণত হয়েছে। অন্যদিকে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে দরকষাকষি করছে।মোদির ব্যক্তিগত বন্ধুত্বের কূটনীতি নিয়ে প্রশ্নভারতের পররাষ্ট্রনীতিতে ব্যক্তিগত সম্পর্কের প্রভাব নিয়েও সমালোচনা করেন রাহুল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন সময়ের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মোদি প্রায়ই বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে নিজের বন্ধুত্বের কথা উল্লেখ করেন। কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার ক্ষেত্রে ব্যক্তিগত বন্ধুত্বই মুখ্য বিষয় হতে পারে না।রাহুলের ভাষ্য, কোনো নেতা অন্য দেশের রাষ্ট্রপ্রধানের বন্ধু হলেই আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণ সমাধান হয়ে যায় না। ভূরাজনীতি পরিচালিত হয় জাতীয় স্বার্থ ও কূটনৈতিক বাস্তবতার ভিত্তিতে।রাহুলের বক্তব্যে বিজেপির তীব্র প্রতিক্রিয়ারাহুল গান্ধীর বক্তব্যের পর ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দলটির অভিযোগ, বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের আন্তর্জাতিক অবস্থানকে খাটো করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন কংগ্রেস নেতা।বিজেপির মুখপাত্র সিআর কেশবন রাহুলের মন্তব্যকে ‘নিন্দনীয় ও ক্ষমার অযোগ্য’ বলে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন, রাহুলের বক্তব্যে পাকিস্তানের প্রতি সমর্থনের মনোভাব প্রকাশ পেয়েছে।কেশবন বলেন, বিরোধীদলীয় নেতা হিসেবে রাহুল গান্ধীর এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বিশ্ব ভূরাজনীতি সম্পর্কে তাঁর স্পষ্ট ধারণার অভাব প্রকাশ করে।বিজেপির দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং বিভিন্ন বিষয়ে বৈশ্বিক ঐকমত্য তৈরিতে অবদান রাখছে। কংগ্রেস নেতৃত্ব ভারতের ক্রমবর্ধমান আন্তর্জাতিক প্রভাব মেনে নিতে পারছে না বলেও অভিযোগ করেন দলটির এই মুখপাত্র।বিজেপির আরেক মুখপাত্র প্রদীপ ভান্ডারিও রাহুলের সমালোচনা করেন। পাকিস্তান নিয়ে রাহুলের আগ্রহের কারণ প্রশ্ন করে তিনি বলেন, আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে রাহুলকে পাকিস্তানের সমর্থকের মতো আচরণ করতে দেখা যায়।ভান্ডারির দাবি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক সংকটে ভারত কূটনৈতিক ভূমিকার জন্য প্রশংসিত হয়েছে। ইরানের সঙ্গেও ভারতের সম্পর্ক রয়েছে। এ ছাড়া ২০০৮ সালের মুম্বাই হামলার পর কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের ভূমিকা এবং শারম আল-শেখ যৌথ বিবৃতির প্রসঙ্গ তুলে রাহুলের পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।তবে রাহুল গান্ধীর বক্তব্য ও বিজেপির পাল্টা অভিযোগের মধ্য দিয়ে ভারতের পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক প্রভাব এবং পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক অবস্থান নিয়ে দেশটির রাজনৈতিক বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।