আন্তর্জাতিক ডেস্কইউক্রেনকে সামরিক সহায়তা দিতে ইউরোপীয় দেশগুলোর বিপুল অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, রাশিয়া এখন ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় আগ্রহী। তাই দীর্ঘদিন ধরে সামরিক সহায়তা অব্যাহত রাখার পরিবর্তে যুদ্ধ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া উচিত।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প এসব মন্তব্য করেন। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে ইউরোপীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।যুদ্ধ বন্ধে আলোচনার ওপর জোরপ্রতিবেদন অনুযায়ী, চীনের শেনজেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পর এয়ার ফোর্স ওয়ান থেকে বার্লিনে ইউক্রেনের মিত্রদের বৈঠকে ফোনে যুক্ত হন ট্রাম্প।এ সময় ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসা ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর ভূমিকা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। ইউক্রেনকে সহায়তাকারী বিভিন্ন দেশের এই জোটের মাধ্যমে কিয়েভকে শত শত কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়া হচ্ছে।আলোচনার বিষয়ে অবগত এক ব্যক্তির ভাষ্য অনুযায়ী, যুদ্ধে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, যে যুদ্ধের অবসান হওয়া প্রয়োজন, সেখানে দেশগুলো বিপুল অর্থ ব্যয় করছে।ট্রাম্প ইউরোপীয় নেতাদের জানান, পুতিন শান্তি আলোচনার বিষয়ে আন্তরিক এবং ইউক্রেনের সঙ্গে একটি শান্তিচুক্তিতে পৌঁছাতে প্রস্তুত।অর্থায়ন বন্ধের নির্দেশ দেওয়ার দাবি নাকচএদিকে ইউক্রেনকে অর্থায়ন বন্ধ করতে ইউরোপীয় দেশগুলোকে ট্রাম্প নির্দেশ দিয়েছেন—এমন খবর নাকচ করেছেন মার্কিন কর্মকর্তারা।এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এ ধরনের খবর সঠিক নয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোই ট্রাম্পের মূল লক্ষ্য।হোয়াইট হাউসের এক কর্মকর্তাও ফোনালাপে ট্রাম্পের মনোভাবকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন। তাঁর মতে, আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধের ভয়াবহ মানবিক ও আর্থিক ক্ষতির বিষয়টি তুলে ধরেন।ওই কর্মকর্তা বলেন, মানুষের প্রাণহানি ও অর্থ ব্যয়ের দিক থেকে এই যুদ্ধ অত্যন্ত ব্যয়বহুল। তাই সবারই শান্তির জন্য কাজ করা উচিত। যুদ্ধ বন্ধ হলে মানুষের জীবন বাঁচবে এবং বিপুল অর্থ সাশ্রয় হবে। সেই অর্থ নিজ নিজ দেশের প্রতিরক্ষা ও সমৃদ্ধিতে ব্যয় করা সম্ভব হবে।ট্রাম্পের এ বক্তব্যে ইউক্রেন যুদ্ধের অবসানে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি কিয়েভকে সামরিক সহায়তা দেওয়ার আর্থিক দায়ভার নিয়েও যুক্তরাষ্ট্র ও ইউরোপের অবস্থান নতুন করে আলোচনায় এসেছে।তথ্যসূত্র: আনাদোলু ও মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো।