গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে দুর্বৃত্তরা বাড়িটিতে আগুন দেয়। পরদিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে আবারও সেখানে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় বাড়ির একাংশ পুড়ে গেলেও পরিবারের সদস্যরা নিরাপদে রয়েছেন।মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এ ঘটনার জন্য সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ফারুক খানকে দায়ী করে অভিযোগ করেছেন, তাঁর নির্দেশনাতেই বাড়িটিতে হামলা চালানো হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে একদল ব্যক্তি মোসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে বাড়ির একাংশ পুড়ে যায়। পরদিন বৃহস্পতিবার সকালে আবারও বাড়িটিতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। তবে হামলার আশঙ্কায় আগেই পরিবারের সদস্যরা অন্যত্র সরে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, বুধবার রাতে বাড়িতে আগুন দেওয়ার পর বৃহস্পতিবার সকালেও হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। তবে পরিবারের সদস্যরা নিরাপদে আছেন। হামলার সময় প্রচণ্ড বৃষ্টি থাকায় হামলাকারীরা তুলনামূলক কম ভাঙচুর করতে পেরেছে।নিজের ফেসবুক স্ট্যাটাসে মোসাদ্দিক অভিযোগ করেন, তাঁর গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগুন, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।এ ঘটনার নিন্দা জানিয়েছেন ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি অভিযোগ করেন, ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। একই রাতে তাঁর ফুফুর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে বলে দাবি করেন তিনি।সাদিক কায়েম আরও বলেন, আগস্টে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া রাজনৈতিক শক্তি আবারও সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে ফিরে আসার চেষ্টা করছে। চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে তারা দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।