নিজস্ব প্রতিবেদকবাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে জাতিসংঘের সংস্কার কার্যক্রম এবং এ বিষয়ে বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনা করেন তারা।সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের দায়িত্ব ও অবস্থানকে গুরুত্ব দিয়েই তিনি এ সাক্ষাৎ করেছেন। পাশাপাশি জাতিসংঘের সংস্কার বিষয়ে তার আগ্রহের কথাও তুলে ধরেন।ভারতীয় হাইকমিশনার বলেন, খলিলুর রহমান জাতিসংঘের সংস্কার নিয়ে বিভিন্ন সময় কথা বলছেন। তাই সংস্কারের বিষয়গুলো কী, কী ধরনের পরিবর্তন প্রয়োজন এবং এ ক্ষেত্রে কী করা যেতে পারে, তা বোঝার আগ্রহ থেকেই তিনি বৈঠক করেছেন।তিনি বলেন, জাতিসংঘের সংস্কার শুধু বাংলাদেশ বা ভারতের বিষয় নয়; এটি সবার স্বার্থসংশ্লিষ্ট একটি অভিন্ন বিষয়।দীনেশ ত্রিবেদী আরও বলেন, তিনি মূলত ভারতীয় হাইকমিশনার হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিকে শুভেচ্ছা জানাতে এসেছেন। এর আগে ফোনের মাধ্যমে শুভেচ্ছা জানালেও সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাতের সুযোগ পাওয়াকে তিনি আনন্দের বলে উল্লেখ করেন।বৈঠকের বিষয়ে সাংবাদিকদের একপর্যায়ে তিনি বলেন, এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ। এ বিষয়ে এর বাইরে আর কোনো প্রশ্নের উত্তর দিতে চান না তিনি। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘অনুরোধ করছি, আমাকে শুধু এটুকুতেই সীমাবদ্ধ থাকতে দিন।’তিনি খলিলুর রহমানকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং সাংবাদিকদেরও শুভকামনা জানান।উল্লেখ্য, এর আগে খলিলুর রহমানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।