ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর লেখা নতুন বই ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ পড়ে এর সহজ-সরল ভাষা ও লেখার ধরন পছন্দ হয়েছে বলে জানিয়েছেন প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। তবে সোনিয়া গান্ধীর প্রতি গভীর শ্রদ্ধা থাকলেও কংগ্রেসের সঙ্গে তাঁর কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন তিনি।সম্প্রতি এক সাক্ষাৎকারে জাভেদ আখতার বলেন, তিনি সোনিয়া গান্ধীর বইটি পড়া শুরু করেছেন। বইটির ভাষা সহজ ও সাবলীল হওয়ায় পড়তে ভালো লাগছে। তবে পুরো বই শেষ না করা পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চান না তিনি।জাভেদ আখতার বলেন, ‘আমি সবেমাত্র সোনিয়া গান্ধীর বইটি পড়ছি। আমার কাছে এটি বেশ আকর্ষণীয় মনে হচ্ছে এবং পড়তে ভালো লাগছে। এর লেখার ধরন অত্যন্ত সহজ-সরল। পুরো বইটি শেষ করার পরই এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারব।’সোনিয়া গান্ধীর প্রতি নিজের শ্রদ্ধার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি কংগ্রেসের সঙ্গে যুক্ত নই, এমনকি দলের সমর্থকও নই। তবে সোনিয়া গান্ধীকে ভীষণ সম্মান করি। তাঁকে ব্যক্তিগতভাবে চিনি এবং তাঁর দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছি।’গত ১০ নভেম্বর সোনিয়া গান্ধীর ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বইটি প্রকাশিত হয়। পরে ১৬ নভেম্বর নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনিয়ার ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীসহ ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কর্ণাটকের ডি কে শিবকুমার, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুক্কু, সাবেক উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, ফারুক আবদুল্লাহ, পি চিদাম্বরম ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়।সাক্ষাৎকারে ‘রামায়ণ’ সিনেমা নিয়েও কথা বলেন জাভেদ আখতার। সিনেমাটি এখনো তাঁর দেখা হয়নি। তবে তাঁর মেয়ে ও চলচ্চিত্র পরিচালক জোয়া আখতার সিনেমাটি দেখে প্রশংসা করেছেন বলে জানান তিনি।জাভেদের ভাষ্য, জোয়া সহজে কোনো কাজের প্রশংসা করেন না। এমনকি বাবার কাজের প্রশংসাও তিনি খুব একটা করেননি। তাই মেয়ের ইতিবাচক মন্তব্যে সিনেমাটি ভালো হয়েছে বলে তাঁর বিশ্বাস।এদিকে ভগবান রাম ও রামায়ণ প্রসঙ্গে জাভেদ আখতারের বক্তব্যও আলোচনায় এসেছে। তাঁর মতে, ধর্মীয় পরিচয় নির্বিশেষে রামের ধারণা ভারতীয়দের অস্তিত্ব ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। রামকে কেবল একজন ব্যক্তি হিসেবে দেখলে তাঁর তাৎপর্য সীমিত হয়ে যায়। বরং রাম একটি জীবনদর্শন এবং জীবনযাপনের পথের প্রতীক।