বিশ্ববাজারে বাংলাদেশি তৈরি পোশাকের গড় রপ্তানিমূল্য ক্রমাগত কমছে। দেশের প্রধান দুই রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) এ দরপতনের প্রবণতা আরও স্পষ্ট। বৈশ্বিক গড় দরের তুলনায় কম মূল্যে পোশাক রপ্তানি করায় বেশি পণ্য পাঠিয়েও কাঙ্ক্ষিত আয় হচ্ছে না। চলতি বছরের প্রথম ৯ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি আয় কমেছে ৪ দশমিক ৫৭ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়নে কমেছে ১১ দশমিক ৯১ শতাংশ।রপ্তানিকারকরা এ পরিস্থিতির জন্য মৌলিক পোশাকের ওপর অতিরিক্ত নির্ভরতা, কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং অভ্যন্তরীণ অসম প্রতিযোগিতাকে দায়ী করছেন। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর সম্ভাব্য শুল্কসুবিধা হারানোর চ্যালেঞ্জ মোকাবিলায় এখনই পোশাকের মান, বৈচিত্র্য ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) বলছে, একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় রপ্তানি বাজার। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পোশাকের প্রধান বাজার। এ দুই বাজারে মূল্য কমে যাওয়ায় রপ্তানি আয়ের ওপর চাপ বাড়ছে।যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সা)-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটির বাজারে বাংলাদেশি পোশাকের প্রতি বর্গমিটারের গড় মূল্য ৩ দশমিক ১০ ডলার থেকে কমে ৩ দশমিক ০৭ ডলারে দাঁড়িয়েছে। এ হ্রাসের হার ০ দশমিক ৯৫ শতাংশ। অথচ একই সময়ে বিশ্ববাজার থেকে যুক্তরাষ্ট্রের আমদানি করা পোশাকের গড় মূল্য ২ দশমিক ১৪ শতাংশ বেড়ে ৩ দশমিক ১৮ ডলারে দাঁড়িয়েছে।যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর মধ্যে ভিয়েতনামের পোশাকের ইউনিট মূল্য ১ দশমিক ২৫ শতাংশ বেড়ে ৩ দশমিক ৫৯ ডলার, কম্বোডিয়ার ০ দশমিক ৫২ শতাংশ বেড়ে ৩ দশমিক ০৪ ডলার এবং মেক্সিকোর ১৬ দশমিক ১৫ শতাংশ বেড়ে ৪ দশমিক ৭৬ ডলার হয়েছে। বিপরীতে চীনের পোশাকের ইউনিট মূল্য ৭ দশমিক ৬৬ শতাংশ কমে ১ দশমিক ৪৮ ডলার এবং ভারতের ১ দশমিক ৮৮ শতাংশ কমে ৩ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে। এ সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় কমে ৬১৩ কোটি ৫৫ লাখ ডলারে নেমেছে।ইইউর বাজারে আরও বেশি দরপতনবাংলাদেশের তৈরি পোশাকের প্রধান রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়নে মূল্যহ্রাসের চিত্র আরও উদ্বেগজনক। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ইইউর বাজারে বাংলাদেশের পোশাকের গড় ইউনিট মূল্য প্রতি কেজিতে ৬ দশমিক ৫৪ শতাংশ কমে ১৩ দশমিক ৭০ ইউরো হয়েছে। গত বছরের একই সময়ে এ মূল্য ছিল ১৪ দশমিক ৬৫ ইউরো। একই সময়ে বিশ্বব্যাপী ইইউর পোশাক আমদানির গড় ইউনিট মূল্য কমেছে মাত্র ০ দশমিক ৭৮ শতাংশ।প্রতিযোগী দেশগুলোর মধ্যে ভিয়েতনামের পোশাকের ইউনিট মূল্য ৮ দশমিক ১৮ শতাংশ বেড়ে ২৮ দশমিক ৫৮ ইউরো, কম্বোডিয়ার ৮ দশমিক ৪২ শতাংশ বেড়ে ১৮ দশমিক ৩৮ ইউরো এবং তুরস্কের ১ দশমিক ৮২ শতাংশ বেড়ে ২৭ দশমিক ৯০ ইউরো হয়েছে। অন্যদিকে চীনের পোশাকের ইউনিট মূল্য ১ দশমিক ৮০ শতাংশ কমে ১৯ দশমিক ৬৯ ইউরো, ভারতের ১ দশমিক ৪২ শতাংশ কমে ২০ দশমিক ০৫ ইউরো এবং পাকিস্তানের ১১ দশমিক ৩৭ শতাংশ কমে ১০ দশমিক ৯০ ইউরো হয়েছে।মূল্য কমার প্রভাব পড়েছে রপ্তানি আয়েও। চলতি বছরের প্রথম ৯ মাসে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় ১১ দশমিক ৯১ শতাংশ কমে ১৩৪ কোটি ৭৭ লাখ ইউরোতে নেমেছে।ধারাবাহিকভাবে কমছে পোশাকের গড় মূল্যইউরোস্ট্যাট ও ওটেক্সার তথ্য বিশ্লেষণে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়নের বাজারে ২০২৩ সালে বাংলাদেশের তৈরি পোশাকের গড় ইউনিট মূল্য ছিল প্রতি কেজি ১৫ দশমিক ৬০ ইউরো। ২০২৪ সালে তা কমে ১৪ দশমিক ৮৭ এবং ২০২৫ সালে ১৪ দশমিক ২৬ ইউরোতে দাঁড়ায়। চলতি বছরের প্রথম ৯ মাসে আরও কমে ১৩ দশমিক ৭০ ইউরো হয়েছে। যেখানে ইইউর বাজারে পোশাকের বৈশ্বিক গড় মূল্য ১৯ দশমিক ৫৯ ইউরো।যুক্তরাষ্ট্রের বাজারেও একই প্রবণতা দেখা গেছে। ২০২৩ সালে বাংলাদেশের পোশাকের গড় মূল্য ছিল প্রতি বর্গমিটার সমতুল্য ইউনিটে (এসএমই) ৩ দশমিক ২২ ডলার। ২০২৪ সালে তা ৩ দশমিক ১০ এবং ২০২৫ সালে ৩ দশমিক ০৮ ডলারে নেমে আসে। চলতি বছরের প্রথম ৯ মাসে আরও কমে ৩ দশমিক ০৭ ডলার হয়েছে। অথচ বৈশ্বিক গড় মূল্য ৩ দশমিক ১৮ ডলার।ইইউর বাজারে ২০২৫ সালের মার্চে বাংলাদেশের পোশাকের গড় ইউনিট মূল্য ছিল প্রতি কেজি ১৬ দশমিক ১৭ ইউরো। একই বছরের নভেম্বরে তা কমে ১২ দশমিক ৮৯ ইউরোতে দাঁড়ায়। এক বছরে সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল্যের ব্যবধান ছিল ৩ দশমিক ২৮ ইউরো। তবে চলতি বছর এ ব্যবধান প্রায় ১ দশমিক ১৭ ইউরোতে সীমিত রয়েছে।মৌলিক পোশাকের ওপর অতিনির্ভরতারপ্তানিকারকদের মতে, কাঁচামালের দাম বৃদ্ধি, মৌলিক পোশাকের আধিক্য এবং উৎপাদনকারীদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা বাংলাদেশের পোশাকের আন্তর্জাতিক বাজারমূল্য কমিয়ে দিচ্ছে। অনেক কারখানা উৎপাদন খরচের কাছাকাছি দামে ক্রয়াদেশ নিচ্ছে। কারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখতে এমন পরিস্থিতিতে অল্প মুনাফায় বা প্রায় বিনা মুনাফায় পণ্য সরবরাহ করতে হচ্ছে উদ্যোক্তাদের।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, টি-শার্ট, পোলো শার্ট, ট্রাউজার, সোয়েটার ও ফুলওভারসহ মৌলিক পোশাকপণ্য বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানির প্রায় ৮০ শতাংশ।২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ বিশ্ববাজারে ৩৮ দশমিক ৭ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। অন্যদিকে ইপিবি ও আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের (আইটিসি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্ববাজারে পোশাকের মোট চাহিদার ৫৮ দশমিক ৪ শতাংশ ছিল তুলাবহির্ভূত পণ্যের। এসব পণ্যের মধ্যে সিনথেটিক ফ্যাব্রিক ও বিভিন্ন ধরনের মিশ্র সুতা দিয়ে তৈরি পোশাক উল্লেখযোগ্য।কিন্তু বাংলাদেশের পোশাক রপ্তানির ৭২ দশমিক ৭ শতাংশই তুলাভিত্তিক পণ্য। এর বড় অংশ মৌলিক নিট পোশাক, টি-শার্ট, ট্রাউজার, সোয়েটার ও আন্ডারগার্মেন্টস।মান ও বৈচিত্র্য বাড়ানোর তাগিদবিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বাংলাদেশের পোশাকের ইউনিট মূল্য কম হওয়ার অন্যতম কারণ নিম্ন ও মধ্যম দামের পণ্য উৎপাদন। পাকিস্তান ছাড়া প্রতিদ্বন্দ্বী দেশগুলো তুলনামূলক উচ্চমূল্যের পোশাক উৎপাদন করছে।তিনি বলেন, দেশের পোশাকের দাম বাড়াতে পণ্যের বৈচিত্র্য ও মানোন্নয়নের পাশাপাশি সংযোগ শিল্পকে শক্তিশালী করতে হবে। বিশেষ করে ম্যানমেইড ফাইবার ও ফিলামেন্ট ইয়ার্নভিত্তিক কাঁচামাল দেশে উৎপাদনের সক্ষমতা বাড়ানো জরুরি।নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানির অপর্যাপ্ততা নতুন বিনিয়োগ এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, রপ্তানিমূল্য বাড়াতে এসব সমস্যার সমাধান প্রয়োজন।বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন রুবেল বলেন, বাংলাদেশের পোশাক রপ্তানি দীর্ঘদিন ধরে মৌলিক পণ্যের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। ফলে এ খাতে প্রবৃদ্ধির সুযোগ সীমিত হয়ে পড়ছে।তিনি বলেন, যেসব বাজারে বাংলাদেশের শক্ত অবস্থান রয়েছে, সেখানে আরও আধিপত্য বিস্তারের পাশাপাশি সম্ভাবনাময় নতুন বাজারের দিকে মনোযোগ দিতে হবে। একই সঙ্গে মৌলিক পোশাকের বাইরে বৈচিত্র্যপূর্ণ ও উচ্চমূল্যের পণ্য উৎপাদনে গুরুত্ব দেওয়া প্রয়োজন।