১০ বছর ৫ মাসে ১২ কিস্তিতে অর্থ পরিশোধের প্রস্তাব, তৃতীয় কিস্তি থেকে সুদ ৮.১১ শতাংশমোবাইল ফোন অপারেটরদের তরঙ্গ নবায়নের অর্থ কিস্তিতে পরিশোধের ক্ষেত্রে সুদ আরোপের শর্ত দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এতে ৭৯ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গ নবায়নে অপারেটরদের সুদসহ মোট ২৯ হাজার ১৩২ কোটি ৩৭ লাখ টাকা পরিশোধ করতে হবে। এককালীন অর্থ পরিশোধ না করে ১০ বছর পাঁচ মাসে ১২ কিস্তিতে টাকা দেওয়ার সুযোগ নিলে সুদ বাবদই গুনতে হবে ৭ হাজার ৮৯৪ কোটি টাকার বেশি।গত ১২ নভেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ শর্তের কথা জানানো হয়েছে। চিঠি পাওয়ার পর বিষয়টি নিয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে একাধিক দফা আলোচনা হয়েছে। এদিকে সোমবার মোবাইল অপারেটরগুলোর প্রধান নির্বাহীরা টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সংক্রান্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন।সাক্ষাৎকালে অপারেটরদের প্রতিনিধিরা জানান, গত ২০ থেকে ২৫ বছর ধরে তরঙ্গের মূল্য কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়া হলেও এ জন্য কখনো সুদ আরোপ করা হয়নি। নতুন শর্ত কার্যকর হলে ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।তিন ব্যান্ডের তরঙ্গ নবায়ন৯০০, ১ হাজার ৮০০ ও ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গের মেয়াদ গত ১০ নভেম্বর শেষ হয়েছে। এখন ২০ বছর মেয়াদে এসব ব্যান্ডের মোট ৭৯ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গ পুনরায় নিলামের মাধ্যমে গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের মধ্যে বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া চলছে।এ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) তরঙ্গের মূল্য নির্ধারণ করে একটি প্রস্তাব টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠায়। প্রস্তাবে প্রতি মেগাহার্টজ ৯০০ ব্যান্ডের মূল্য ৩১৬ কোটি টাকা, ১ হাজার ৮০০ ব্যান্ডের ২৬৪ কোটি টাকা এবং ২ হাজার ১০০ ব্যান্ডের ২২৯ কোটি টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।বিটিআরসির হিসাব অনুযায়ী, প্রস্তাবিত দরে তরঙ্গ বরাদ্দ দেওয়া হলে সরকারের রাজস্ব আয় হতে পারে ২০ থেকে ২১ হাজার কোটি টাকা। প্রস্তাবটি অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হলে তরঙ্গের মূল্য পরিশোধে নতুন শর্ত আরোপ করা হয়।তৃতীয় কিস্তি থেকে সুদ কার্যকরঅর্থ মন্ত্রণালয়ের উপসচিব খায়রুন নাহারের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সরকার তরঙ্গের মূল্য এককালীন আদায়ে উৎসাহিত করছে। তবে ১২ কিস্তিতে ১০ বছর পাঁচ মাসে অর্থ পরিশোধের সুযোগ দেওয়া হলে প্রথম এক বছরের মধ্যে পুরো অর্থ পরিশোধ না করার ক্ষেত্রে তৃতীয় কিস্তি থেকে প্রতিটি কিস্তির ওপর ৯০ দিন মেয়াদি সরকারি ট্রেজারি বিলের সুদ দিতে হবে। বর্তমানে এ সুদের হার ৮ দশমিক ১১ শতাংশ।এ ছাড়া তরঙ্গ নবায়নের শর্ত হিসেবে অপারেটরদের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছ থেকে ভ্যাট, কর ও সিম ট্যাক্সসংক্রান্ত কোনো বকেয়া নেই—এমন সনদ জমা দিতে হবে।সুদ বাবদ গুনতে হবে প্রায় ৭ হাজার ৮৯৪ কোটি টাকাঅর্থ বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, ৭৯ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গের মূল মূল্য নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ২৩৮ কোটি টাকা। এর সঙ্গে সুদ যুক্ত হলে মোট পরিশোধের পরিমাণ দাঁড়াবে ২৯ হাজার ১৩২ কোটি ৩৭ লাখ টাকা।হিসাব অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় কিস্তিতে প্রতিবার ১ হাজার ৭৬৯ কোটি ৮৩ লাখ টাকা করে পরিশোধ করতে হবে। তৃতীয় কিস্তিতে সুদসহ দিতে হবে ৩ হাজার ২০৫ কোটি টাকা এবং চতুর্থ কিস্তিতে ৩ হাজার ৬১ কোটি টাকা। এভাবে কিস্তি পরিশোধের ধারাবাহিকতায় ১০ বছর পর ১২তম কিস্তিতে দিতে হবে ১ হাজার ৯১৩ কোটি ৩৭ লাখ টাকা।অর্থ মন্ত্রণালয়ের নতুন শর্তে তরঙ্গ নবায়নের ব্যয় বেড়ে যাওয়ায় মোবাইল অপারেটরদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে কিস্তির বিপরীতে সুদ আরোপের বিষয়টি নিয়ে অপারেটর ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের মধ্যে আলোচনা চলছে।