উত্তরায় বাসের ধাক্কায় প্রাণ গেল পরিবহন শ্রমিকের
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৪০ সময়
রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় ফসিয়ার রহমান হাসান (৪২) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উত্তরার জসিমউদ্দীন রোডে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত হাসান মাগুরার শালিখা উপজেলার বয়রা গ্রামের ছফদুর মোল্লার ছেলে। তিনি রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনের ই-ব্লক এলাকায় বসবাস করতেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।নিহতের সহকর্মী আতর আলী জানান, হাসান পিপিবি পরিবহনের একটি বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। বাসটি ঘাটারচর থেকে আব্দুল্লাহপুর রুটে চলাচল করত। দুর্ঘটনার সময় হাসান বাস থেকে নেমে সামনে এগিয়ে যান। এ সময় ওই বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে হাসানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। দুপুর ১টা ২৫ মিনিটে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।