গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টাকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবরোধের চেষ্টা করা শ্রমিকদের সরাতে পুলিশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ ও ধাওয়া দেয়। পরে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে যান। এদিকে আন্দোলন এড়াতে টঙ্গীর গাজীপুরা ও সাতাইশ এলাকার অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টার মধ্যে কয়েক ধাপে এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়।পুলিশ জানায়, কারখানা ছুটির পর কিছু শ্রমিক টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জড়ো হয়ে অবরোধের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ ও ধাওয়া দিয়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এ ছাড়া টঙ্গীর বিভিন্ন স্থানে তল্লাশিচৌকি বসানো হয়েছে।যেসব কারখানায় ছুটি ঘোষণাগাজীপুরা এলাকার হোপলুন অ্যাপারেলস লিমিটেড, মাসকো কটন লিমিটেড, স্যাটার্ন নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বেইস ফ্যাশন, কাই অ্যালুমিনিয়াম, ইএইচ ফেব্রিক, জি জে ক্যাপস, ঐশী ফ্যাশন লিমিটেড, তানাজ ফ্যাশন, ভিয়েলাটেক্স লিমিটেড, স্যাটার্ন-২, দেওটি ফ্যাশন, জিজে ফ্যাশন, ডেনিম ফ্যাশন, এস এস সোয়েটার, সানচেরি বডি ফ্যাশন লিমিটেড, মিক সোয়েটার লিমিটেড, লুজিন ফ্যাশন লিমিটেড, কটন ক্লথিং লিমিটেড, মাসকো এমব্রয়ডারি লিমিটেড ও টিএমএসএস অ্যাপারেলস লিমিটেডে ছুটি ঘোষণা করা হয়।অন্যদিকে সাতাইশ এলাকার টিপিও গার্মেন্টস, স্পিরিট, সিভিউ, পার্কভিউ, টিজে সোয়েটার, রিওলাইফ লিমিটেড, সানি সোয়েটার, আরজি অ্যাপারেলস লিমিটেড, ট্রাউজার ল্যান্ড, ওরিয়েন্ট সোয়েটার, এসএম সোয়েটার, মাসকো টেক্স লিমিটেড, মাসকো জি-১, মাসকো জি-২ ও তুসুকা গার্মেন্টস লিমিটেডেও ছুটি ঘোষণা করা হয়েছে।টঙ্গী সাতাইশ রোডের মাসকো টেক্স লিমিটেডের সিনিয়র ম্যানেজার মো. বোরহান উদ্দিন বলেন, শ্রমিক আন্দোলন এড়াতে মঙ্গলবার দুপুরের দিকে কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, গাজীপুরের শ্রমিক আন্দোলনের ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে কিছু শ্রমিক গাজীপুরা এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও ধাওয়া দিয়ে তাঁদের সরিয়ে দেয়। এ ঘটনায় অর্ধশতাধিক কারখানা আজকের মতো ছুটি ঘোষণা করা হয়েছে।এদিকে পোশাকশ্রমিক পরিচয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ যাতে শিল্পাঞ্চলে নৈরাজ্য সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন।