আগামীর বিশ্বে নেতৃত্ব দেওয়ার উপযোগী করে শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ২০২৭ সালে নতুন কারিকুলাম চালু করা হবে এবং ২০২৮ সালে শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হবে। একই সঙ্গে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার।সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।মুখস্থনির্ভর শিক্ষার দিন শেষশিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, পড়াশোনায় কোনো ধরনের অসাধুতা থাকবে না। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি আধুনিক পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ানো হবে। মুখস্থনির্ভর পড়াশোনার দিন শেষ উল্লেখ করে তিনি বলেন, এখন জ্ঞানভিত্তিক শিক্ষা অর্জন এবং সেই জ্ঞান বাস্তবে প্রয়োগের সক্ষমতা তৈরি করতে হবে। আগামীর বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য শিক্ষার্থীদের নিজেদের প্রস্তুত করতে হবে।শিক্ষামন্ত্রী আরও বলেন, ২০০১ থেকে ২০০৬ মেয়াদে রেখে যাওয়া শিক্ষাব্যবস্থাকে পরবর্তী সরকার পিছিয়ে দিয়েছে। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে এবং কারিগরি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।ববির সংকট সমাধানের আশ্বাসবরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়টির সংকট সমাধান অসম্ভব নয়। বেগম খালেদা জিয়ার হাত ধরে প্রতিষ্ঠিত এ বিভাগীয় বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁকে বেশ কিছু সংকটের কথা জানিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে সেগুলো সমাধানের চেষ্টা করা হবে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে দুটি বৈদ্যুতিক বাস দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ ও অডিটোরিয়াম নির্মাণের জন্য শিগগিরই বাজেট বরাদ্দ দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। পরবর্তী পর্যায়ে আবাসিক হলসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়নে নজর দেওয়া হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারাঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। সম্মানিত অতিথি ছিলেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।