নিত্যদিনের খাদ্যতালিকায় থাকা চাল, ডাল, শাকসবজি, মাছ, মাংস, দুধ, ফল, তেল, মসলা থেকে শুরু করে শিশুখাদ্য ও প্রক্রিয়াজাত খাবার—বিভিন্ন পণ্যে ভেজাল, ক্ষতিকর রাসায়নিক ও কীটনাশকের উপস্থিতি জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগ হয়ে উঠেছে। সরকারি সংস্থার পরীক্ষায় খাদ্যপণ্যের নমুনায় ভেজাল ও দূষণের প্রমাণ মিলেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, দীর্ঘদিন এসব ক্ষতিকর উপাদান গ্রহণের ফলে কিডনি, লিভার, হৃদ্রোগ ও ক্যানসারসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়তে পারে।ফল পাকানো ও সতেজ রাখার নামে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার, মাছ সংরক্ষণে নিষিদ্ধ উপাদান প্রয়োগ, খাবারে কাপড়ের রং মেশানো এবং পশুখাদ্যে অনিরাপদ উপাদান ব্যবহারের অভিযোগ রয়েছে। বাজারের আচার, জুস, সস, চিপস, চানাচুর, মুড়ি, মসলা, ঘি, গুঁড়ো দুধ, তেল ও মধুসহ নানা পণ্যে ভেজালের অভিযোগ উঠছে। ফলে খাদ্য মানুষের বেঁচে থাকার উপকরণ হওয়ার বদলে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে।পরীক্ষায় ১,৭৫৬ নমুনার ৫৮৬টিতে ভেজাল ও দূষণবাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাজার থেকে সংগ্রহ করা ১ হাজার ৭৫৬টি খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করে ৫৮৬টিতে ভেজাল ও দূষণ পাওয়া গেছে। এর মধ্যে ১১২টি নমুনায় সরাসরি ভেজাল উপাদান শনাক্ত হয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৮২টি খাদ্যপণ্যের পরীক্ষায় গড়ে ৪০ শতাংশ ক্ষেত্রে সহনীয় মাত্রার চেয়ে ৩ থেকে ২০ গুণ বেশি নিষিদ্ধ ডিডিটি ও অন্যান্য বিষাক্ত উপাদান পাওয়া গেছে। মুরগি ও মাছের নমুনায় ক্ষতিকর অ্যান্টিবায়োটিকের উপস্থিতিও শনাক্ত হয়েছে।পরীক্ষায় ফলের ৩৫ শতাংশ এবং শাকসবজির ৫০ শতাংশ নমুনায় কীটনাশকের উপস্থিতি পাওয়া যায়। লবণের নমুনায় সহনীয় মাত্রার চেয়ে ২০ থেকে ৫০ গুণ বেশি সিসা শনাক্ত হয়েছে। চালের ১৩টি নমুনায় অতিমাত্রায় আর্সেনিক এবং পাঁচটিতে ক্রোমিয়াম পাওয়া গেছে। হলুদের গুঁড়ার ৩০টি নমুনায় সিসাসহ ভারী ধাতুর উপস্থিতি মিলেছে।দুধেও ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতিজনস্বাস্থ্য ইনস্টিটিউটের ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির (এনএফএসএল) পরীক্ষার তথ্য তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, কাঁচা ও প্যাকেটজাত দুধের নমুনায় সিসা, টেট্রাসাইক্লিন, কীটনাশক, ক্রোমিয়াম, অ্যান্টিবায়োটিক, আফলাটক্সিন, সিপ্রোফ্লক্সাসিন ও এনরোফ্লক্সাসিনসহ বিভিন্ন ক্ষতিকর উপাদান পাওয়া গেছে।এনএফএসএল সারা দেশ থেকে কাঁচা তরল দুধের ৯৬টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে। এর মধ্যে ৯৩টিতে ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি পাওয়া যায়। প্যাকেটজাত দুধের ৩১টি নমুনার মধ্যে ১৮টিতে ভেজাল শনাক্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এ ছাড়া দুধের নামে সয়াবিন তেল, ডিটারজেন্ট, সোডা, চিনি, লবণ, গুঁড়ো দুধ, প্রিজারভেটিভ ও বিভিন্ন রাসায়নিক মিশিয়ে পণ্য তৈরির অভিযোগও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, খাদ্যে এ ধরনের ক্ষতিকর উপাদান দীর্ঘদিন গ্রহণ করলে লিভার, কিডনি ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।মাছ ও ফল সংরক্ষণে রাসায়নিক ব্যবহারের অভিযোগমাছ দীর্ঘ সময় সতেজ রাখতে অসাধু ব্যবসায়ীদের একাংশ ফরমালিন ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে। ফরমালিন বিষাক্ত রাসায়নিক; এটি মূলত মৃতদেহ ও অঙ্গপ্রত্যঙ্গ সংরক্ষণসহ শিল্পকারখানার বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। খাদ্যে এর অননুমোদিত ব্যবহার জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক।অন্যদিকে ফল দ্রুত পাকানো ও সতেজ দেখানোর জন্য কার্বাইডসহ ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগ রয়েছে। কাঁচা কলা ও পেঁপে রাসায়নিকযুক্ত পানিতে ডুবিয়ে বা বিশেষ প্রক্রিয়ায় দ্রুত পাকানোর ঘটনাও সামনে এসেছে।খাবারে কাপড়ের রং, জিলাপিতে হাইড্রোজখাদ্যশিল্পে ফুড গ্রেডের পরিবর্তে কাপড়ে ব্যবহৃত রাসায়নিক রং প্রয়োগের অভিযোগও রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাজধানীর বেইলি রোডের একটি কাচ্চি বিরিয়ানি বিক্রির প্রতিষ্ঠানে অভিযানের সময় খাবারে ব্যবহৃত রং নিয়ে প্রশ্ন ওঠে। অভিযানে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট রেস্তোরাঁর ব্যবস্থাপক ও তাঁর সহকারীকে ওই রং পান করতে বলেন। তাঁরা রাজি হননি। পরে তাঁরা কম খরচে খাবার রাঙাতে কাপড়ের রং ব্যবহারের কথা স্বীকার করেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।এ ছাড়া মিষ্টি ও জিলাপিতে রং এবং মচমচে ভাব ধরে রাখতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগ রয়েছে। পাবনার সাঁথিয়ায় পাম তেলের সঙ্গে রং মিশিয়ে সরিষার তেল উৎপাদনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জরিমানা করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।নাশতার খাবারেও স্বাস্থ্যঝুঁকিঅতি-প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত লাল মাংস, পরিশোধিত শর্করা, পটাশিয়াম ব্রোমেটযুক্ত পাউরুটি এবং কৃত্রিম মিষ্টিকারকযুক্ত খাবার নিয়মিত গ্রহণের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ রয়েছে বিশেষজ্ঞদের।প্রতিবেদনে ইউরোপিয়ান প্রসপেক্টিভ ইনভেস্টিগেশন ইনটু ক্যানসার অ্যান্ড নিউট্রিশনের (ইপিআইসি) গবেষণার উল্লেখ করে বলা হয়েছে, প্রায় পাঁচ লাখ মানুষের ওপর দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণে বিভিন্ন অতি-প্রক্রিয়াজাত খাবারের সঙ্গে ক্যানসারসহ নানা স্বাস্থ্যঝুঁকির সম্পর্ক নিয়ে গবেষণা করা হয়েছে।এ ছাড়া ভারতের সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের এক গবেষণার বরাতে বলা হয়েছে, পরীক্ষা করা ৩৮টি পাউরুটির ব্র্যান্ডের ৮৪ শতাংশে ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক পাওয়া গেছে। তবে এসব গবেষণার ফল নির্দিষ্ট নমুনা ও গবেষণার পদ্ধতির ভিত্তিতে মূল্যায়ন করা জরুরি।জাতির স্বাস্থ্যঝুঁকি বাড়ছেযুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির হেলথ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মজিবুল হক আমার দেশকে বলেন, ভেজাল খাবার ও ভুল খাদ্যাভ্যাসের কারণে দেশে রোগীর সংখ্যা, চিকিৎসা ব্যয়, হাসপাতাল ও ওষুধের ওপর নির্ভরতা বাড়ছে।তিনি বলেন, কৃষি উৎপাদনে বহুজাতিক কোম্পানির প্রভাব এবং উচ্চ ফলনের নামে নানা উপকরণের ব্যবহার খাদ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি করছে। অন্যদিকে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের দিকেও ঝুঁকছে মানুষের একটি বড় অংশ।ব্যবসায়ীদের অতিমুনাফার প্রবণতা জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি করছে উল্লেখ করে তিনি বলেন, ভেজাল প্রতিরোধে সরকারি নজরদারি সংস্থাগুলোকে আরও সক্রিয় হতে হবে। তা না হলে ভবিষ্যতে চিকিৎসা ও ওষুধের পেছনে রাষ্ট্রের ব্যয় আরও বাড়বে।জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. শামীম আহমেদ বলেন, ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার লিভার ও কিডনির কার্যকারিতা নষ্ট করতে পারে। শিশুদের শারীরিক বৃদ্ধিও বাধাগ্রস্ত হতে পারে। এসব খাবার গ্রহণের ফলে হজমের সমস্যা, ডায়রিয়া থেকে শুরু করে ক্যানসারের মতো জটিল রোগের ঝুঁকি বাড়তে পারে।তাঁর মতে, ভেজালবিরোধী অভিযান ও জরিমানা চললেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। প্রতিরোধমূলক কার্যক্রম আরও কার্যকর করা প্রয়োজন।অসংক্রামক রোগে মৃত্যুর বড় কারণ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসবিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসকে অসংক্রামক রোগ ও অকালমৃত্যুর অন্যতম প্রতিরোধযোগ্য ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে।প্রতিবেদনে সংস্থাটির তথ্যের বরাতে বলা হয়েছে, বিশ্বে প্রতিবছর প্রায় ৪ কোটি ৩০ লাখ মানুষ অসংক্রামক রোগে মারা যায়, যা মোট মৃত্যুর প্রায় ৭৫ শতাংশ। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে প্রতিবছর প্রায় ১ কোটি ১০ লাখ মানুষের মৃত্যু হয় বলেও উল্লেখ করা হয়েছে।বাংলাদেশের ক্ষেত্রেও অসংক্রামক রোগের বোঝা বাড়ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশে প্রায় ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এবং প্রাপ্তবয়স্কদের ২৩ দশমিক ৫ শতাংশ উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগে ভুগছেন। ডব্লিউএইচওর গবেষণার বরাতে আরও বলা হয়েছে, বাংলাদেশে বছরে প্রায় ৫ লাখ ৭০ হাজার ২৬৩ জন অসংক্রামক রোগে মারা যান, যা মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশ।নজরদারি বাড়ানোর পরিকল্পনাবাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (আইন ও নীতি) আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চলমান কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে। জেলা পর্যায় থেকে দেশব্যাপী অভিযান ও মনিটরিং বাড়ানোর জন্য প্রয়োজনীয় বরাদ্দ ও সহায়তা চেয়ে মন্ত্রণালয়কে জানানো হয়েছে।তিনি বলেন, শুধু আইন প্রয়োগ নয়, খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, পরিবহন ও বিপণনের প্রতিটি পর্যায়ে নজরদারি বাড়ানো হচ্ছে। খাদ্যের মূল উপাদানের বিশুদ্ধতা নিশ্চিত করা এবং অবৈধ রং, গন্ধ ও ক্ষতিকর অ্যাডিটিভের ব্যবহার বন্ধে গবেষণা ও কারিগরি কার্যক্রমও চলছে।আনোয়ারুল ইসলাম সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, গত আট মাসে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ৭৪৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২ কোটি ৮৩ লাখ টাকার বেশি জরিমানা আদায় করেছে। এ সময় সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।তথ্যসূত্র, ১৫ নভেম্বর ২০২৬; বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিবেদন; জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির পরীক্ষার তথ্য; বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য; সংশ্লিষ্ট গবেষণা এবং অধ্যাপক ড. মজিবুল হক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. শামীম আহমেদ ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য আনোয়ারুল ইসলাম সরকারের বক্তব্য।