সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। তাঁকে দেশে ফেরাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় উদ্যোগ নেওয়ার কথা বলা হচ্ছে। তবে চুক্তির বিভিন্ন ধারা, বিশেষ করে রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম এবং প্রত্যর্পণ প্রত্যাখ্যানের বিধান নিয়ে তৈরি হয়েছে আইনি আলোচনা।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচারসংক্রান্ত। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে, তাঁকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তিই প্রযোজ্য আইনি পথ।ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শ্রীরাধা দত্তের মতে, প্রত্যর্পণ চুক্তিতে কোন পরিস্থিতিতে কাউকে ফেরত দেওয়া যাবে এবং কোন পরিস্থিতিতে অনুরোধ প্রত্যাখ্যান করা সম্ভব, তা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তাঁর মূল্যায়ন, চুক্তির শর্ত বিবেচনায় ভারতের পক্ষে হাসিনাকে প্রত্যর্পণ করা সম্ভব হবে না বলেই তিনি মনে করেন।প্রত্যর্পণ চুক্তির আওতায় কীভাবে ফেরানো হয়প্রত্যর্পণ হচ্ছে এক রাষ্ট্রের কাছে অবস্থানরত কোনো অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে অন্য রাষ্ট্রের আইনি অনুরোধের ভিত্তিতে হস্তান্তরের প্রক্রিয়া। এটি শুধু গ্রেপ্তার বা আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড নোটিশ জারির মাধ্যমে সম্পন্ন হয় না। সংশ্লিষ্ট রাষ্ট্রের আইন, আদালত এবং নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।বাংলাদেশে এ বিষয়ে ১৯৭৪ সালের বন্দি প্রত্যর্পণ আইন রয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয় ২০১৩ সালের জানুয়ারিতে। বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারত ও থাইল্যান্ডের প্রত্যর্পণ চুক্তি রয়েছে।এই চুক্তির আওতায় বাংলাদেশ ভারতের কাছ থেকে অনুপ চেটিয়াকে ফেরত পেয়েছিল। অন্যদিকে ভারত বাংলাদেশের কাছ থেকে নারায়ণগঞ্জের সাত খুন মামলার আসামি নূর হোসেনকে ফিরিয়ে নেয়।২০১৬ সালে চুক্তিটি সংশোধন করা হয়। সংশোধনের ফলে প্রত্যর্পণের অনুরোধের ক্ষেত্রে অভিযোগের পক্ষে বিস্তারিত সাক্ষ্যপ্রমাণ জমা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করা হয়। সংশ্লিষ্ট আদালতের গ্রেপ্তারি পরোয়ানাকেই বৈধ অনুরোধের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনার সুযোগ তৈরি হয়।কোন অপরাধে প্রত্যর্পণ করা যায়চুক্তির দ্বিতীয় অনুচ্ছেদে প্রত্যর্পণযোগ্য অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, কোনো কাজ বা অপরাধ উভয় দেশের আইন অনুযায়ী কমপক্ষে এক বছর কারাদণ্ডযোগ্য হলে সেটি প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।অপরাধের নাম কিংবা শ্রেণিবিভাগ দুই দেশে একই হতে হবে, এমন বাধ্যবাধকতা নেই। অপরাধটি কর বা রাজস্বসংক্রান্ত হলেও প্রত্যর্পণের আওতায় আসতে পারে।এ ছাড়া কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধ সংঘটনের চেষ্টা, অপরাধে সহায়তা, প্ররোচনা, উসকানি কিংবা সহযোগী হিসেবে অংশ নেওয়ার অভিযোগও এ বিধানের আওতাভুক্ত।চুক্তির তৃতীয় অনুচ্ছেদে একাধিক কর্মকাণ্ডের সমন্বয়ে সংঘটিত অপরাধের বিষয়টি উল্লেখ রয়েছে। কোনো অপরাধের অংশবিশেষ কিংবা পুরো কার্যক্রম অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রের ভূখণ্ডে সংঘটিত হলেও নির্দিষ্ট শর্তে প্রত্যর্পণ করা যেতে পারে।রাজনৈতিক অপরাধ হলে কী বিধান রয়েছেপ্রত্যর্পণ চুক্তির ষষ্ঠ অনুচ্ছেদে রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম রাখা হয়েছে। এতে বলা হয়েছে, যে অপরাধের ভিত্তিতে প্রত্যর্পণের আবেদন করা হয়েছে, সেটি রাজনৈতিক চরিত্রের হলে সংশ্লিষ্ট রাষ্ট্র সেই অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে।তবে সব অপরাধকে রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচনার সুযোগ নেই। চুক্তিতে কয়েক ধরনের অপরাধকে স্পষ্টভাবে রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম হিসেবে উল্লেখ করা হয়েছে।এর মধ্যে রয়েছে হত্যা, অনিচ্ছাকৃত হত্যা ও অপরাধমূলক নরহত্যা। এ ছাড়া মানুষের জীবন বিপন্ন করা বা সম্পত্তির গুরুতর ক্ষতি করার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো, বিস্ফোরক তৈরি বা দখলে রাখা এবং আগ্নেয়াস্ত্র বা গোলাবারুদ ব্যবহার করে মানুষের জীবন বিপন্ন করার মতো অপরাধও রয়েছে।অপহরণ, বলপূর্বক তুলে নেওয়া, বেআইনিভাবে আটক রাখা, স্বাধীনতাবঞ্চিত করা এবং জিম্মি করার মতো অপরাধও রাজনৈতিক অপরাধের ব্যতিক্রমের তালিকায় অন্তর্ভুক্ত।এ ছাড়া জনসাধারণের ব্যবহৃত সম্পত্তি ধ্বংস বা ক্ষতিসাধনের মাধ্যমে মানুষের জীবন বিপন্ন করার মতো কর্মকাণ্ডও এ তালিকার অন্তর্ভুক্ত। ফলে কোনো অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হলেই সেটি স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণযোগ্য অপরাধের বাইরে চলে যায় না।কোন পরিস্থিতিতে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যায়চুক্তির অষ্টম অনুচ্ছেদে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যানের কয়েকটি ভিত্তি উল্লেখ করা হয়েছে।এ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি যদি অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রকে সন্তুষ্ট করতে পারেন যে সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাঁকে প্রত্যর্পণ করা অন্যায় বা নিপীড়নমূলক হবে, তাহলে প্রত্যর্পণের আবেদন প্রত্যাখ্যান করা যেতে পারে।এ ছাড়া সংশ্লিষ্ট অপরাধ খুবই তুচ্ছ বা লঘু প্রকৃতির হলে, অপরাধ সংঘটনের পর কিংবা বেআইনিভাবে পালিয়ে যাওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলে প্রত্যর্পণের বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে করা হয়নি বলেও প্রতীয়মান হলে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা যেতে পারে।হাসিনার প্রত্যর্পণে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণগত বছরের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার পর তিনি ওই বিচারপ্রক্রিয়া ও রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করেছিলেন।অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রত্যর্পণ চুক্তির বিধান তুলে ধরা হচ্ছে। ফলে এ ক্ষেত্রে অভিযোগের প্রকৃতি, সংশ্লিষ্ট অপরাধের দুই দেশের আইনে অবস্থান, রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম এবং প্রত্যর্পণ প্রত্যাখ্যানের শর্তগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।সম্প্রতি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হাসিনার পক্ষে তাঁর আইনি পরামর্শকদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত তথ্য চেয়ে আবেদন করার বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।সব মিলিয়ে হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি শুধু দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর নির্ভর করছে না; বরং প্রত্যর্পণ চুক্তির নির্দিষ্ট ধারা, সংশ্লিষ্ট আইনি ব্যাখ্যা এবং ভারতের বিচারিক ও প্রশাসনিক প্রক্রিয়ার ওপরও নির্ভর করবে। চুক্তিতে প্রত্যর্পণের সুযোগ যেমন রয়েছে, তেমনি নির্দিষ্ট পরিস্থিতিতে তা প্রত্যাখ্যানের বিধানও রাখা হয়েছে।