বিদেশি হুমকি, সাইবার হামলা ও গুপ্তচরবৃত্তি মোকাবিলায় নিজেদের গোয়েন্দা সংস্থাগুলোর ক্ষমতা ব্যাপকভাবে বাড়িয়েছে জার্মানি। নতুন আইনের আওতায় এখন থেকে নির্দিষ্ট পরিস্থিতিতে শত্রুপক্ষের কম্পিউটার নেটওয়ার্কে অনুপ্রবেশ, হ্যাকিং এবং তাদের সাইবার কার্যক্রম ব্যাহত করতে পারবে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। শুক্রবার (১৩ নভেম্বর) জার্মানির পার্লামেন্ট বুন্ডেসটাগে আইনটি অনুমোদিত হয়।পার্লামেন্টে আইনটির পক্ষে ৩০৮টি ভোট পড়ে। বিপক্ষে ভোট দেন ১৯০ জন। ভোটদানে বিরত ছিলেন ৭১ জন। ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস ও সোশ্যাল ডেমোক্র্যাটস আইনটির পক্ষে অবস্থান নেয়। অন্যদিকে উগ্র ডানপন্থি দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) এবং বামপন্থি দল ডি লিংকে এর বিরোধিতা করে।নতুন আইনে জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থা বুন্ডেসনাখরিশটেনডিয়েনস্ট (বিএনডি) এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ফেডারেল অফিস ফর দ্য প্রোটেকশন অব দ্য কনস্টিটিউশন (বিএফভি)-এর ক্ষমতা বাড়ানো হয়েছে। এত দিন সংস্থা দুটির প্রধান দায়িত্ব ছিল তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ। নতুন আইনে নির্দিষ্ট ধরনের গুরুতর হুমকি মোকাবিলায় সরাসরি অভিযান ও প্রযুক্তিগত পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।সাইবার হামলা প্রতিরোধে সরাসরি পদক্ষেপনতুন আইনের আওতায় গুরুতর নিরাপত্তা হুমকি মোকাবিলায় বিএফভি প্রযুক্তিগত ব্যবস্থা নিতে পারবে। প্রয়োজনে কোনো হামলাকারীর সার্ভার থেকে চুরি করা তথ্য মুছে ফেলার ক্ষমতাও থাকবে সংস্থাটির।অন্যদিকে, বিদেশে সৃষ্ট হুমকি মোকাবিলায় সরাসরি অভিযান পরিচালনা করতে পারবে বিএনডি। এর মধ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত হ্যাকারদের ব্যবহৃত সার্ভারের কার্যক্রম ব্যাহত করার ক্ষমতাও অন্তর্ভুক্ত রয়েছে।জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডব্রিন্ট নতুন আইনকে ‘শতাব্দীর সংস্কার’ হিসেবে অভিহিত করেছেন। তাঁর মতে, সন্ত্রাসবাদ, সাইবার হামলা ও বিদেশি শত্রুপক্ষের তৎপরতা মোকাবিলায় দেশটির গোয়েন্দা সংস্থাগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করা প্রয়োজন।সরকারের দাবি, এত দিন গোয়েন্দা সংস্থাগুলো কোনো নিরাপত্তা হুমকি শনাক্ত করতে পারলেও অনেক ক্ষেত্রে সরাসরি হস্তক্ষেপের ক্ষমতা ছিল না। নতুন সংস্কারের ফলে গুরুতর হুমকি মোকাবিলায় সেই সীমাবদ্ধতা দূর হবে।রাশিয়ার সঙ্গে উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগজার্মানির নিরাপত্তা উদ্বেগ নতুন আইন অনুমোদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গত আগস্টে দেশটির লাইপজিগ-হালে বিমানবন্দরে ইউক্রেনের প্রতিষ্ঠান আন্তোনভ এয়ারলাইনসের একটি পণ্যবাহী বিমানের কাছে বিস্ফোরকবোঝাই একটি ড্রোন খুঁজে পান কর্তৃপক্ষ। এ ঘটনার সঙ্গে রাশিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।বার্লিনের অভিযোগ, রাশিয়া রাষ্ট্রীয় মালিকানাধীন ওই স্থাপনায় হামলার চেষ্টা চালিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ডব্রিন্ট দাবি করেন, বিমানবন্দরে পাওয়া ড্রোনটির প্রযুক্তি রাশিয়ার প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত হয়েছে। তবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে মস্কো।এ ঘটনার পর জার্মানি বন শহরে রাশিয়ার কনস্যুলেট জেনারেল এবং বার্লিনে রাশিয়ান হাউস নামের সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে দেয়। পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়া সেন্ট পিটার্সবার্গে জার্মানির একটি কনস্যুলেট ও গ্যোটে ইনস্টিটিউট বন্ধের নির্দেশ দেয়।গবেষণাপ্রতিষ্ঠান কোরবার ফাউন্ডেশনের কর্মসূচি পরিচালক ফ্লোরিয়ান বিগে আলজাজিরাকে বলেন, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর জার্মানির পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা পরিস্থিতিতে যে পরিবর্তন এসেছে, নতুন সংস্কার তারই প্রত্যক্ষ ফল।তিনি বলেন, ২০২৪ সাল থেকেই বিএনডি প্রকাশ্যে নিজেদের ক্ষমতা বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। রাশিয়ার বিরুদ্ধে নাশকতা, সাইবার হামলা ও ড্রোন ব্যবহারের অভিযোগের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নীতিগত অনিশ্চয়তা এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদান কমে যাওয়ার আশঙ্কাও জার্মানির নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে।গোপন পুলিশ বাহিনী তৈরির আশঙ্কা বিরোধীদেরনতুন আইনকে স্বাগত জানালেও বিরোধী দলগুলোর মধ্যে এর ক্ষমতার অপব্যবহার নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে ডি লিংকে ব্যক্তিগত গোপনীয়তা, নজরদারি এবং গোয়েন্দা সংস্থা ও পুলিশের দায়িত্বের ঐতিহাসিক বিভাজন ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে।আইনটির বিরোধিতা করে দলটি বলেছে, এর কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা সংবিধানের নির্ধারিত মানদণ্ড পূরণ করে না। বিশেষ করে আড়িপাতা ও নজরদারির মতো ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে সাংবিধানিক সীমা লঙ্ঘিত হওয়ার ঝুঁকি রয়েছে।ডি লিংকের আশঙ্কা, নতুন ক্ষমতার ফলে কার্যত জার্মানিতে একটি গোপন পুলিশ বাহিনী তৈরি হতে পারে। দেশটির ইতিহাসে এ উদ্বেগের বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ, ১৯৫০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত পূর্ব জার্মানিতে স্টাসি নামে একটি শক্তিশালী গোপন পুলিশ বাহিনী সক্রিয় ছিল।ফ্লোরিয়ান বিগে বলেন, এখন পর্যন্ত আইনটির সমালোচনা মূলত বিরোধী দলের আইনপ্রণেতা ও নাগরিক অধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে এসেছে। তবে বিদেশে রাষ্ট্রের সরাসরি পদক্ষেপ নেওয়ার ক্ষমতা বাড়ানোর বিষয়টি নিয়ে ভবিষ্যতে আরও বিস্তৃত জনআলোচনা হতে পারে।৩১ ডিসেম্বর থেকে কার্যকরের পরিকল্পনাজার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ডব্রিন্টের মতে, নতুন আইন কার্যকর হলে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো ইউরোপের অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থার সমপর্যায়ের ক্ষমতা পাবে।তবে আইনটির প্রধান ধারাগুলো আগামী ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও তার আগে আইন প্রণয়নের বাকি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।তথ্যসূত্র: আলজাজিরা ১৪ নভেম্বর ২০২৬।