যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযান জোরদার করে এক অর্থবছরে বহিষ্কারের নতুন রেকর্ড গড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ২০২৬ অর্থবছরে দেশটি থেকে ৪ লাখ ৮৩ হাজার ২০০ জন অভিবাসীকে বহিষ্কার করেছে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)। একই সময়ে গ্রেপ্তার করা হয়েছে ৪ লাখ ৯১ হাজারের বেশি মানুষকে।গত বুধবার যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ডিএইচএস) এ পরিসংখ্যান প্রকাশ করে। আইসিইর ২৩ বছরের ইতিহাসে এক অর্থবছরে এত বেশি মানুষকে বহিষ্কারের ঘটনা এটিই প্রথম। এর আগে ২০২৫ সালে সর্বোচ্চ ৪ লাখ ৪২ হাজার ৬৪০ জনকে বহিষ্কারের রেকর্ড ছিল। নতুন পরিসংখ্যানে সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।ট্রাম্প তাঁর প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযান ‘মাত্রাতিরিক্ত কঠোর’ হয়ে থাকতে পারে বলে মন্তব্য করার কয়েক দিন পর এ তথ্য প্রকাশিত হলো।সেপ্টেম্বরে গ্রেপ্তার ৪৮ হাজারের বেশিযুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন এক বিবৃতিতে বলেন, ২০২৬ অর্থবছরে আইসিইর ইতিহাসে সর্বোচ্চসংখ্যক অভিবাসীকে গ্রেপ্তার ও বহিষ্কার করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের দিক থেকেও ২০২৬ সালের সেপ্টেম্বর মাস আইসিইর ইতিহাসে উল্লেখযোগ্য রেকর্ড গড়েছে।আইসিইর তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে ৪৮ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। এর আগের মাস আগস্টে গ্রেপ্তারের সংখ্যা ছিল ৫০ হাজার ৯২৫। টানা দুই মাস রেকর্ডসংখ্যক গ্রেপ্তারের পর সেপ্টেম্বরে এ সংখ্যা কিছুটা কমে আসে।পরিসংখ্যানের স্বচ্ছতা নিয়ে প্রশ্নওয়াশিংটন ডিসিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজের (সিআইএস) গবেষণা পরিচালক স্টিভেন ক্যামারোটা আলজাজিরাকে বলেন, আগের যেকোনো মার্কিন প্রেসিডেন্টের তুলনায় ট্রাম্প প্রশাসন অভিবাসন আইন প্রয়োগে বেশি কঠোর হয়েছে। আইন প্রয়োগের ভয়ে যুক্তরাষ্ট্র থেকে স্বেচ্ছায় চলে যাওয়া মানুষের সংখ্যা বাড়ায় দেশটিতে অনিবন্ধিত অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে বলেও প্রমাণ রয়েছে।তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানে কিছু অস্পষ্টতা রয়েছে বলে মনে করেন তিনি। ক্যামারোটার মতে, গ্রেপ্তার ও বহিষ্কারের তথ্য সব সময়ই অসম্পূর্ণ থাকে এবং সেগুলো সঠিকভাবে পরিমাপ করাও কঠিন। বিশেষ করে কতজনকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অভিযান চালিয়ে আটক করা হয়েছে, কতজনকে দেশটির ভেতর থেকে বহিষ্কার করা হয়েছে এবং কতজনকে সীমান্ত বা বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে—তা স্পষ্ট নয়।তিনি বলেন, বহিষ্কারের সংখ্যা বাড়লে তা মানুষকে নিজ দেশে ফিরে যেতে উৎসাহিত করতে পারে। যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের চলে যেতে বাধ্য করা ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য।অভিবাসন নীতি নিয়ে ট্রাম্পের বক্তব্যসম্প্রতি সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, তাঁর প্রশাসনের অভিবাসন নীতি কারও কারও কাছে অতিরিক্ত কঠোর মনে হতে পারে। তবে তিনি অভিযানকে সফল দাবি করে বলেন, অবৈধভাবে প্রবেশ করা ব্যক্তিদের বহিষ্কারের ক্ষেত্রে তাঁর প্রশাসন ভালো ফল করেছে।ট্রাম্পের ভাষ্য, অপরাধে জড়িত ব্যক্তিদের পাশাপাশি ভালো চাকরি করা ব্যক্তিদেরও বহিষ্কার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁরা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন।রয়টার্স ও ইপসোসের জরিপ অনুযায়ী, অভিবাসন ইস্যুতে ট্রাম্পের প্রতি সমর্থন কমে ৩৮ শতাংশে নেমেছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার শুরুতে এ হার ছিল ৫০ শতাংশ।আইসিইর কার্যক্রমে নজরদারি বাড়াতে চায় ডেমোক্র্যাটরাআগামী বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযান সীমিত করতে উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে ডেমোক্রেটিক পার্টি। দলটি আইসিইর অভিযান ও কৌশলের ওপর নজরদারি বাড়ানোর পাশাপাশি অভিবাসীদের বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ সম্প্রসারণ করতে চায়। তবে এসব উদ্যোগ বাস্তবায়নে তাদের ক্ষমতা সীমিত থাকবে।মিসিসিপির ডেমোক্র্যাট নেতা বেনি থম্পসন, যিনি প্রতিনিধি পরিষদের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির চেয়ারম্যান হতে যাচ্ছেন, রয়টার্সকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার এবং নিয়ন্ত্রণহীন অভিবাসন নীতি নিয়ে প্রশাসনের বিরুদ্ধে তদন্ত করা হবে।অন্যদিকে, টেক্সাসের ডেমোক্র্যাট নেতা হেনরি কুয়েলার বলেন, অপরাধে জড়িত ব্যক্তিদের বহিষ্কারের বিষয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে চরমপন্থি অবস্থান না নেওয়ার কথাও জানান তিনি।তবে দলের কয়েকজন নেতার অবস্থান আরও কঠোর। মিনেসোটায় বিজয় উদ্যাপনের সময় নবনির্বাচিত সিনেটর পেগি ফ্লানাগান আইসিইর কার্যক্রম বন্ধের পক্ষে কঠোর বক্তব্য দেন।মিনেসোটায় দুই নাগরিক নিহতের ঘটনাগত জানুয়ারিতে মিনেসোটায় অভিবাসনবিরোধী অভিযান জোরদারের সময় কেন্দ্রীয় অভিবাসন কর্মকর্তাদের গুলিতে যুক্তরাষ্ট্রের দুই নাগরিক নিহত হন। তাঁরা হলেন অ্যালেক্স প্রেটি ও রেনে নিকোল গুড। মিনিয়াপোলিসে পৃথক দুটি ঘটনায় তাঁদের গুলি করার দৃশ্য পথচারীদের ধারণ করা ভিডিওতে উঠে আসে।ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও ক্ষোভ তৈরি হয়। এ ছাড়া প্রকাশিত অন্য ভিডিওতে মুখোশ পরা অভিবাসন কর্মকর্তাদের রাসায়নিক পদার্থ ব্যবহার এবং বেসামরিক নাগরিকদের মারধর করতে দেখা যায়। তাঁদের কেউ কর্মকর্তাদের কর্মকাণ্ডের ভিডিও ধারণ করছিলেন, আবার কেউ প্রতিবাদ জানাচ্ছিলেন।