আওয়ামী লীগ যতবার রাষ্ট্রক্ষমতায় এসেছে, ততবারই দেশকে সংকটের দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের পরিবর্তে আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা, মানুষের মৌলিক অধিকার হরণ এবং রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।আবদুস সালাম বলেন, মুক্তিযুদ্ধের পর দেশের মানুষের প্রত্যাশা ছিল স্বাধীনতার চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলা। কিন্তু আওয়ামী লীগ সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। তার অভিযোগ, তৎকালীন সরকারের সময়ে দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। অনাহারে মানুষের মৃত্যু হয় এবং রাজধানীর রাজপথে বেওয়ারিশ লাশ পড়ে থাকতে দেখা যায়। ওই সময় বেওয়ারিশ লাশ দাফনের মাধ্যমে অঞ্জুমানে মফিদুল ইসলাম পরিচিতি লাভ করে বলেও উল্লেখ করেন তিনি।বিএনপির ভূমিকা তুলে ধরে তিনি বলেন, দেশের প্রতিটি দুর্যোগ ও দুঃসময়ে বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে। এ কারণে জনগণও দলটির পাশে রয়েছে। দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মানুষ বিশ্বাস করে।আওয়ামী লীগের উদ্দেশে আবদুস সালাম বলেন, গাড়িতে আগুন দেওয়া কিংবা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ আন্ডারগ্রাউন্ড রাজনীতি ও সন্ত্রাসের পক্ষে নয়। বিএনপির ওপর দীর্ঘ ১৭ বছর অত্যাচার-নির্যাতন, গুম ও হত্যার ঘটনা ঘটলেও দলটি আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে যায়নি। বরং জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছে এবং জনমত গড়ে তুলেছে। শেষ পর্যন্ত গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে।সমস্যা সমাধানে সময় প্রয়োজনদেশের চলমান অর্থনৈতিক ও জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে আবদুস সালাম বলেন, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, ব্যাংকে টাকা নেই—এমন স্লোগান একসময় বিএনপিও দিয়েছে। কিন্তু তারেক রহমানের হাতে আলাদিনের চেরাগ নেই যে দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এসব সংকট নিরসনে সময় প্রয়োজন।তিনি অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার কর্মসূচির মাধ্যমে আবারও ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ তৈরি করা হচ্ছে। যারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন, তাদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।বিরোধী দলের প্রতিও ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে পাঁচ বছর অপেক্ষা করতে হবে। পরবর্তী নির্বাচনে জনগণ যাদের পক্ষে রায় দেবে, তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী দলের আহ্বায়ক এইচ এম শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, জাতীয় মৎস্যজীবী দলের সাবেক সদস্যসচিব আব্দুর রহিম, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।